Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

ক্রিকেটের হার-জিতের তর্ক থেকে সংঘর্ষ, প্রাণ গেল ১৫ বছরের নাবালকের

পাড়ার ক্রিকেট খেলায় মেতে ছিল একদল কিশোর। হঠাত্ খেলার হার-জিত নিয়ে শুরু হল দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি। পরে তা গিয়ে পৌঁছাল সংঘর্ষে। আর তার জেরেই প্রাণ গেল ১৫ বছরের কিশোর নিশান্তের

ক্রিকেটের হার-জিতের তর্ক থেকে সংঘর্ষ, প্রাণ গেল ১৫ বছরের নাবালকের
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: পাড়ার ক্রিকেট খেলায় মেতে ছিল একদল কিশোর। হঠাত্ খেলার হার-জিত নিয়ে শুরু হল দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি। পরে তা গিয়ে পৌঁছাল সংঘর্ষে। আর তার জেরেই প্রাণ গেল ১৫ বছরের কিশোর নিশান্তের। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায়। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি পার্কে খেলার সময় বচসা থেকে ঘটনাটির সূত্রপাত হয়।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রথমে নিশান্তের সঙ্গে ১২ বছরের এক কিশোরের কথা কাটাকাটি হয়। সেই বচসাই পরে হাতাহাতিতে রূপ নেয়। অভিযুক্ত কিশোর বাড়িতে গিয়ে তার দুই দাদাকে সমস্ত বিষয়টি জানায়। বদলা নিতে তিনজন মিলে নিশান্তের খোঁজে বের হয়। প্রায় সন্ধ্যা ৭টা ২২ মিনিট নাগাদ তারা নিশান্তের মুখোমুখি হয়। ফের শুরু হয় বচসা যা পুনরায় মারামারিতে গিয়ে পৌঁছায়। এই সময় নিশান্তের ঘাড় ও মাথায় গুরুতর আঘাত করে তিন অভিযুক্ত কিশোর। অচেতন হয়ে পড়ে নিশান্ত। বাড়িতে এ বিষয় জানাজানি হতেই  পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শেষরক্ষা হয়নি নিশান্তের। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর তিলক নগর থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত তিন নাবালককে আটক করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ