নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বছর ৯৫ বয়সি এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের ইলামবাজারে। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। সেই কারণেই আত্মহত্যা।
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বছর ৯৫ বয়সি এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের ইলামবাজারে। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। সেই কারণেই আত্মহত্যা।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ক্ষিতীশ মজুমদার। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে। কিন্তু তিনি থাকতেন ইলামবাজারে তাঁর মেয়ের বাড়িতে। আজ সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের দাবি, বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃদ্ধের নাতনি হিরুবালা মজুমদার বলেন, ‘দাদু কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ভুগছিলেন। দীর্ঘ কয়েক দশক আগেই দাদু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় দাদুর নাম নেই। সম্প্রতি এসআইআর নিয়ে যেভাবে বাজারে আতঙ্ক ছড়িয়েছে, তার জেরেই আত্মহত্যা করেছেন বৃদ্ধ।’
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল। যদিও পাল্টা বিজেপির দাবি, ‘বৃদ্ধের নাতনির বিয়ে হয়েছে আউশগ্রামে। নাতনির শাশুড়ি আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি। পুরোটাই সাজানো গল্প।’