সংবাদদাতা, ঝাড়গ্রাম: এই প্রথম ২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমেস্টার প্রথা চালু হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা নেওয়া হবে। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এখন থেকেই জেলা প্রশাসন সব রকম প্রস্তুতি শুরু করেছে। অবশ্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অনেক আগেই এই সেমেস্টার পরীক্ষার রুটিন সহ যাবতীয় নিয়মাবলী প্রকাশিত হয়েছে। এই নিয়ে ঝাড়গ্রামের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবারে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষায় বসবেন ঝাড়গ্রাম জেলার ৯,১৪৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪,২৬০ ও ছাত্রী সংখ্যা ৪,৮৮৯ জন। যা ২০২৫ সালের জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর তুলনায় ২,৮২২ জন বেশি। এই সেমেস্টার পরীক্ষার জন্য জেলায় মোট ১৯ টি পরীক্ষাকেন্দ্র থাকছে। সহ পরীক্ষাকেন্দ্র থাকছে ৮টি। নির্দেশিকা মতে, এই পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউভিত্তিক। ওএমআর শিটে পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ভিসু্যয়াল আর্ট, মিউজিক ও ভোকেশনাল বিষয়গুলিতে ৪৫ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে কি, কি জিনিস ব্যবহার করা যাবে, বা যাবে না তা নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের এই তৃতীয় সেমেস্টার নিয়ে ঝাড়গ্রাম শহরের এক পরীক্ষার্থী বলেন, গত ৭ মে আমাদের এই তৃতীয় সেমেস্টার পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আমাদের ব্যাচ প্রথম উচ্চ মাধ্যমিকে থার্ড সেমেস্টার পরীক্ষা দিচ্ছে। এরপর আগামী বছরের ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি ফোর্থ সেমেস্টার হবে।