Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থ ভবঘুরের কাছে মিলল ৮৭ হাজার টাকা

টোটোয় ধাক্কায় জখম হয়ে হাঁটাচলা করতে না পারা একজন বয়স্ক ভবঘুরে পাঁশকুড়ায় মেচগ্রাম আন্ডারপাসের ফুটপাতে শুয়েছিলেন

অসুস্থ ভবঘুরের কাছে মিলল ৮৭ হাজার টাকা
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: টোটোয় ধাক্কায় জখম হয়ে হাঁটাচলা করতে না পারা একজন বয়স্ক ভবঘুরে পাঁশকুড়ায় মেচগ্রাম আন্ডারপাসের ফুটপাতে শুয়েছিলেন। সেখানেই প্রস্রাব ও পায়খানা করায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরনে নোংরা জামাকাপড়। মুখভর্তি দাড়ি। মাথায় জটা ধরে যাওয়া সাদা চুল। নাক মুখ চাপা দিয়ে লোকজন পাশ কাটিয়ে যাতায়াত করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ভবঘুরেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঘটল আশ্চর্যজনক ঘটনা। তাঁর পেটের মধ্যে লুকানো বস্তা থেকে বেরিয়ে এল গোছা গোছা টাকা। ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ থেকে পুরানো হাজার টাকার নোটও। পুলিস ও মেচগ্রাম ব্যবসায়ী সমিতির সদস্যরা একযোগে ভবঘুরের কাছ থেকে উদ্ধার হওয়া সেই নোট গোনেন। মোট ৮৭ হাজার টাকা পাওয়া গিয়েছে বলে পাঁশকুড়া থানার পুলিস জানিয়েছে।

Advertisement

ওই ভবঘুরেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোংরা জামাকাপড় বদলে দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া টাকা আপাতত পাঁশকুড়া থানায় রয়েছে। সুস্থ হওয়ার পর ভবঘুরের হাতে টাকার ব্যাগ তুলে দেওয়া হবে। 
জানা গিয়েছে, মেচগ্রাম মোড় সংলগ্ন এলাকায় বয়স্ক ওই ভবঘুরে ঘুরে বেড়াতেন। দিন চারেক আগে তাঁকে একটি টোটো ধাক্কা মারে। তাতে জখম হন ওই বৃদ্ধ। এরপর মেচগ্রামে আন্ডারপাসে ফুটপাতের মধ্যে শুয়ে থাকতেন। বৃহস্পতিবার মেচগ্রাম ব্যবসায়ী সমিতির সম্পাদক অমিত রাউত বাজারে গেলে স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা বিষয়টি তাঁর নজরে আনেন। তিনি বিষয়টি থানায় জানান। এরপর তারাশঙ্কর বাক্সে নামে এক সিভিক ভলান্টিয়ার ওই ভবঘুরেকে ফুটপাত থেকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। সেই সময় ওই বৃদ্ধের কাছ থেকে একটি বস্তা উদ্ধার হয়। 
অমিতবাবু বলেন, আমরা ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করেছি। টাকা থানার হেফাজতে রয়েছে। ওই বৃদ্ধ সুস্থ হলে তাঁকে টাকা ফেরত দেওয়া হবে। পাঁশকুড়া থানার পুলিস জানিয়েছে, একজন সিভিক ভলান্টিয়ার ওই ভবঘুরেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তখনই তাঁর কাছে থাকা বস্তার মধ্যে দীর্ঘ দিনের জমানো মোট ৮৭হাজার টাকা পাওয়া যায়।  ভবঘুরের থেকে উদ্ধার হওয়া টাকা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ