জয়পুর: রাস্তার কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানে। একটি কংক্রিট মিক্সার আচমকাই হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসায় ঝলসে মৃত্যু হয়েছে আটজন শ্রমিকের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি আরও পাঁচজন। সোমবার সকালে ঝুনঝুনু জেলার উদয়পুরবাটির ছাপোলি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ছাপোলি থেকে কদমকুণ্ডের দিকে যাওয়ার রাস্তাটি নির্মাণের কাজ চলছিল। তখন বালি ও পাথর মেশানোর জন্য ব্যবহৃত একটি কংক্রিট মিক্সার মেশিন হঠাৎ হাইভল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। মৃতদের নাম হরিরাম গুর্জর (৩০), মঙ্গলচাঁদ গুর্জর (২২), কালুরাম গুর্জর (২৯), পবন গুর্জর (২৩), বিষ্ণু সাইনি (৩৮), সুরেন্দ্র ওরফে সুরেশ সাইনি (৩০), মুকেশ সাইনি (২৭) ও ফতেহচাঁদ সাইনি (৩২)। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে সোচ্চার হন। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্টও তিনি চেয়ে পাঠিয়েছেন।



