বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: পহেলগাঁও হামলার পর থেকেই সীমান্তে শুরু হয়েছে হামলা। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের অপারেশন সিন্দুর চালানোর পর তার মাত্রা আরও বেড়েছে। কড়া জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনা। তারপরও শিক্ষা হয়নি পাকিস্তানের। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের আড়ালে পাক রেঞ্জার্স সাহায্য করে চলেছে জঙ্গিদের অনুপ্রবেশেও। বৃহস্পতিবার রাতে জম্মুর সাম্বা সীমান্তে এমনই এক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফের গুলিতে খতম সাতজন জঙ্গি। তারা জয়েশ-ই-মহম্মদের সদস্য বলে দাবি গোয়েন্দাদের। শুধু তাই নয়, পাক সেনার ধান্ধর পোস্টটি গুঁড়িয়ে দিয়েছে বিএসএফ। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে বাহিনী।



