Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চারটি বনে বসল ৬০টি সিসি ক্যামেরা, গ্রামে হাতি ঢোকার আগেই খবর পাবেন বনকর্মীরা

এবারে গ্রামে হাতি ঢোকার আগেই খবর পাবে বনবিভাগ। কমবে হাতি-মানব সংঘাত

চারটি বনে বসল ৬০টি সিসি ক্যামেরা, গ্রামে হাতি ঢোকার আগেই খবর পাবেন বনকর্মীরা
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: এবারে গ্রামে হাতি ঢোকার আগেই খবর পাবে বনবিভাগ। কমবে হাতি-মানব সংঘাত। রক্ষা পাবে ফসল। প্রযুক্তির হাত ধরে এভাবে নতুন ধাঁচে নজরদারির উদ্যোগ নিয়েছে কার্শিয়াং ডিভিশন। ডিভিশনের এক্তিয়ারভুক্ত বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের করিডরে বসল সিসি ক্যামেরা। ইতিমধ্যে তা দিয়ে নজর রাখা হচ্ছে হাতির গতিবিধিতে। কার্শিয়াং ডিভিশনের চারটি রেঞ্জের এক্তিয়ারভুক্ত বনাঞ্চলে প্রায় ৬০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এটির কন্ট্রোলরুম বাগডোগরা রেঞ্জ অফিসে। সেখানে ছ’টি বড় মনিটরে চলছে নজরদারি। 

Advertisement

এই ব্যাপারে কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে বলেন, জঙ্গলের যেসব প্রান্তে হাতির গতিবিধি রয়েছে, সেসব পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তাতে হাতির দল কিংবা দলছুট হাতি কোথায় যাচ্ছে, তা নজরে রাখা হচ্ছে। সেক্ষেত্রে জনবসতি, জাতীয় সড়ক, রেললাইনের দিকে গেলে সংশ্লিষ্ট এজেন্সিকে জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের কিউআরটি বা কুইক রেসপন্স টিম রওনা হচ্ছে। এতে আমরা আগাম পদক্ষেপ নিতে পারছি। 
বনবিভাগ জানিয়েছে, বাগডোগরা রেঞ্জে ৩২টি, পানিঘাটা রেঞ্জে ১৪টি, টুকরিয়াঝাড় রেঞ্জে ৭টি ও বামনপোখরি রেঞ্জে ৭টি সিসি ক্যামেরা হাতির বিভিন্ন করিডরে বসানো হয়েছে। জঙ্গলের গাছে, বিদ্যুতের খুঁটি ও হাতির ওয়াচ টাওয়ারে রয়েছে সিসি ক্যামেরা। যা দিয়ে চলছে ২৪ ঘণ্টা নজরদারি। ০৩৫৩-২৫৫০৪৫৩, এই  হেল্পলাইন নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন বনকর্মীরা। এজন্য গঠন করা হয়েছে ১১টি কুইক রেসপন্স টিম। প্রতিটি রেঞ্জে রয়েছেন একজন হাতি ট্রেকার কর্মী। কিউআরটি টিম ছাড়াও দুটি এলিফ্যান্ট স্কোয়াড রয়েছে। 
২০২৩ সালে হাতির হানায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে সেই সংখ্যা ছিল ৯। চলতি বছরে এখনও পানিঘাটা রেঞ্জের কলাবাড়িতে এক জনের মৃত্যু হয়েছে। ডিএফ‌ওর কথায়, এই ধরনের পরিকল্পনা প্রথমবার বাস্তবায়িত হচ্ছে। এর আগে রেঞ্জের টহলদারি ভ্যান কোথায় যাবে, তা নিয়ে ভাবতে হতো বনকর্মীদের। তবে এখন আগাম জেনে যাচ্ছেন তাঁরা। 
এর আগে হাতির গতিবিধি জানতে আরটি সিস্টেম (রিমোট ট্রান্সমিশন) ব্যবহার করা হতো। এবার সিসি ক্যামেরা সহ সেন্ট্রালাইজড হেল্পলাইন নম্বর সংযোজন করা হয়েছে। বর্তমানে কার্শিয়াং ডিভিশনে প্রায় ১৫০টি হাতি রয়েছে। যাদের অধিকাংশ পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি বনাঞ্চলে থাকছে। কিছু হাতি রয়েছে বাগডোগরা বনাঞ্চলে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ