কানপুর, ৯ ফেব্রুয়ারি: ফের সড়কপথে বিলাসবহুল গাড়ির দৌরাত্ম্য! যার জেরে জখম হলেন ৬ জন। গতকাল, রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের ভিআইপি রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাসবহুল ল্যাম্বরগিনিটি চালাচ্ছিলেন তামাকজাতীয় পণ্যের ব্যবসায়ী কেকে মিশ্রের ছেলে শিবম। অভিযোগ, তার গাড়িটি তীব্র গতিতে আসছিল ভিআইপি রোড দিয়ে। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় ফুটপাতে। সেখানে থাকা ছ’জনকে ধাক্কা মারে গাড়িটি। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। শিবম মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ।
এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিসিপি(সেন্ট্রাল) অতুল কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, রবিবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্রের গাড়ি ভিআইপি রোডে রেভ-থ্রি শপিং মলের কাছে দুর্ঘটনাটি ঘটায়। গাড়ির গতি বেশি ছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে। সঙ্গে বেশ কিছু গাড়িতেও ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি।’ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি প্রথমে একটি অটো রিক্সাতে ধাক্কা মারে, তারপরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বাইকে সজোরে আঘাত করে। সেই আঘাতের জেরে বাইকে বসে থাকা আরোহী দশ ফুট উঁচুতে কার্যত উড়ে যায়! তারপরে বাইকটিকে পিষে দিয়ে, টানতে টানতে এগিয়ে নিয়ে যায়, শেষে রাস্তার ধারে থাকা ইলেকট্রিকের পোস্টে ধাক্কা মেরে থেমে যায়। যদিও এত কিছুর পরে গাড়ি থামাতে চায়নি শিবম। দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে! পিছনে তার দেহরক্ষীরা বিষয়টি দেখে ছুটে আসেন। কিন্তু ক্ষুব্ধ জনতার হাতে পড়ে যায় শিবম। তাকে গাড়ি থেকে বের করে মারধর করতে থাকে বলে অভিযোগ। যদিও দুর্ঘটনাস্থলে এসে পৌঁছোয় পুলিশ। ক্ষুব্ধ জনতার হাত থেকে শিবমকে উদ্ধার করে নিয়ে যান তারা। তদন্ত শুরু হয়েছে।