নয়াদিল্লি: দিল্লিতে দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্র চত্বরে একটি দরগা ভেঙে পড়ল। শুক্রবার এই ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মহিলা। আহত কমপক্ষে পাঁচজন। পুলিস জানিয়েছে, দুপুর তিনটে বেজে ৫৫ মিনিট নাগাদ হুমায়ুন টোম্ব (এই নামেই পরিচিত সমাধিক্ষেত্র) চত্বরের পাত্তে শাহ দরগার কিছু অংশ ভেঙে পড়ে। টানা বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। পুলিস জানিয়েছে, খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিস, দমকল, এনডিআরএফ ও অ্যাম্বুলেন্স। ডগ স্কোয়াডও নিয়ে যাওয়া হয়েছিল। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে বের করা হয়। তাঁদের মধ্যে ন’জনকে এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বাকি দু’জনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।



