নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে কী কাজ হয়েছে, আগামী দিনে কী কী কাজ হতে চলেছে, তার নিরিখে উন্নয়নের খতিয়ান প্রকাশ করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘নিঃশব্দ বিপ্লব’ নামক পুস্তিকাতে বিস্তারিত তথ্য দিয়ে অভিষেক জানাতে চলেছেন, আগামী দিনে তাঁর লক্ষ্য। ২৫ জুন, ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের শ্রীকৃষ্ণপুর মাঠে একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানেই এলাকার উন্নয়ন সংক্রান্ত তথ্য পেশ করবেন অভিষেক।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক। তিনি জিতেছেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে। ডায়মন্ডহারবারের মানুষ বিপুলভাবে আস্থা রাখার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে অভিষেকের চিন্তাভাবনা কী, তা উঠে আসতে চলেছে নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশের কর্মসূচিতে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের একবছর অতিক্রান্ত হয়েছে। এই সময়কালে এলাকার জন্য সাংসদ অভিষেক কী কী ভেবেছেন, সবটাই উঠে আসবে ওই দিন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে চলেছে এটি। আর এই কর্মসূচিকে ঘিরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ঘরোয়া বৈঠক করছেন নেতা-কর্মীরা। নিঃশব্দ বিপ্লবের কর্মসূচি সফলভাবে রূপায়িত করতে কোমর বেঁধে নেমে পড়েছেন তাঁরা। এই সংক্রান্ত বিষয়ে আগামী ১৪ জুন স্থানীয় স্তরে একটি বৈঠকের কথা রয়েছে।
২০১৪ সাল থেকে ডায়মন্ডহারবারের সাংসদ রয়েছেন অভিষেক। ২০১৪-২৪ সাল পর্যন্ত গত ১০ বছরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে বিভিন্ন প্রকল্প মিলিয়ে ৫৭৮০ কোটি টাকার কাজ হয়েছে বলে জানিয়েছিলেন সাংসদ। তিনি সংকল্প করেছেন, আগামী দিনে ১০ হাজার কোটি টাকার কাজ হবে। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল চড়িয়াল সেতু। মহেশতলাবাসীর দীর্ঘ কাঙ্ক্ষিত বজবজ ট্রাঙ্ক রোড চালু হয়েছে। এছাড়া উদ্বোধন হয়েছে মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল প্রকল্পের। কল্পতরু, এক ডাকে অভিষেক, শ্রদ্ধার্ঘ এবং সম্প্রতি স্বাস্থ্য শিবির সংক্রান্ত সেবাশ্রয় কর্মসূচি বিশেষ নজর কেড়েছে। কাজের নিরিখে ডায়মন্ডহারবারকে ‘মডেল’ বলে থাকেন অভিষেক। এই প্রেক্ষাপটে আগামী দিনে ডায়মন্ডহারবার কেন্দ্রিক অভিষেকের চিন্তাভাবনা প্রকাশ পেতে নিঃশব্দ বিপ্লব কর্মসূচি থেকে।