Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নিলামে ৫.২ কোটি, ঘোর এখনও কাটেনি মঙ্গেশের

বেস প্রাইস ৩০ লক্ষ। কিন্তু আইপিএল নিলাম শুরু হতেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। লাখ ছাড়িয়ে অনামী মঙ্গেশ সিং এখন কোটিপতি

নিলামে ৫.২ কোটি, ঘোর এখনও কাটেনি মঙ্গেশের
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেস প্রাইস ৩০ লক্ষ। কিন্তু আইপিএল নিলাম শুরু হতেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। লাখ ছাড়িয়ে অনামী মঙ্গেশ সিং এখন কোটিপতি। দর বেড়েছে হুড়মুড়িয়ে। শেষপর্যন্ত বাঁ হাতি অল-রাউন্ডার মঙ্গেশকে ৫.২০ কোটি টাকায় কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মধ্যপ্রদেশের ক্রিকেটারকে নিয়ে চারটি ফ্র্যাঞ্চাইজির লড়াই ছিল তুঙ্গে। গার্ডেন সিটিই শেষ হাসি হাসে। বেঙ্গালুরুতে নৌকো বাঁধার পর রাতারাতি চর্চার কেন্দ্রে তিনি। বেঙ্গালুরুর অফার হাতে চাঁদ পাওয়ার শামিল। একই সঙ্গে বিরাট কোহলির সঙ্গে ড্রেসিং-রুম শেয়ারের সুযোগ। কয়েকদিন আগে তা সত্যিই কল্পনা ছিল। মুচকি হেসে মঙ্গেশের মন্তব্য, ‘সত্যিই বিশ্বাস হচ্ছে না। এমনটা ভাবনার বাইরে। আগামী আইপিএলে নিজেকে প্রমাণ করতেই হবে।’

Advertisement


টানা ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। পাশাপাশি বড় হিট নিতে সিদ্ধহস্ত। আইপিএলের বাজার এমন ক্রিকেটারকে লুফে নেয়। মঙ্গেশও তার ব্যতিক্রম নয়। আইপিএলের স্বপ্নপূরণের পর বললেন, ‘রজত ভাই (পাতিদার), বেঙ্কি ভাইকে (আয়ার) কৃতিত্ব দিতে হবে। সবসময় উৎসাহ জুগিয়েছেন। তাঁরা না থাকলে এই জায়গায় পৌঁছোতেই পারতাম না।’ ২৩ বছর বয়সি মঙ্গেশ এখন মধ্যপ্রদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটার। বিস্ময় এখনও কাটেনি। মঙ্গেশ জানালেন, ‘জীবন পাল্টে দেওয়ার মতোই মুহূর্ত। আমার বাবা একজন ট্রাক চালক। তাঁর আত্মত্যাগ ও পরিশ্রম বৃথা যায়নি। অভাবের সংসারে বেড়ে ওঠার ফলে এই বিপুল অর্থের যথার্থ মূল্য আমি বুঝি।’ এরপর আত্মপ্রত্যয়ের সঙ্গে তরুণ ক্রিকেটারের রসিকতা মাখা সংযোজন, ‘এরপর টাকার জন্য বাবার কাছে হাত পাততে হবে না! তবে মাটিতে পা রেখে চলা জরুরি। সুযোগ কাজে লাগাতেই হবে।’


মঙ্গেশরা সোনার চামচ মুখে জন্মাননি। তাঁদের উত্তরণের পথ ফুলের বদলে কাঁটায় ভরা। সেই মঙ্গেশকেই এবার যশ দয়ালের বদলে ব্যবহার করতে চাইছে আরসিবি। ২২ গজে স্বপ্নপূরণের নামই যে আইপিএল।

Advertisement
সম্পর্কিত সংবাদ