Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

তামায় ৫০, ওষুধে ২০০ শতাংশ শুল্ক! আমেরিকার হুমকিতে আশঙ্কা ভারতে

অন্যান্য দেশের পণ্য আমদানিতে পাল্টা শুল্কহার চালুর দিনক্ষণ ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তামায় ৫০, ওষুধে ২০০ শতাংশ শুল্ক! আমেরিকার হুমকিতে আশঙ্কা ভারতে
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ওয়াশিংটন: অন্যান্য দেশের পণ্য আমদানিতে পাল্টা শুল্কহার চালুর দিনক্ষণ ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বসে নেই তিনি। ট্যারিফ নিয়ে হুমকি দিয়েই চলেছেন। বুধবার তিনি জানিয়েছেন, ওষুধের আমদানিতে ২০০ শতাংশ শুল্ক চাপাবেন তিনি। আর তামার উপর বসবে ৫০ শতাংশ শুল্ক। আগে থেকেই ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ির উপর চড়া শুল্কহারের কথা জানিয়েছেন ট্রাম্প। এবার সেই তালিকায় যুক্ত হল ওষুধ এবং তামা। ট্রাম্পের এই হুঁশিয়ারিতে আশঙ্কার কালো ছায়া ভারতের এই দুই ক্ষেত্রে। বুধবার কেন্দ্রীয় কয়লা এবং খনি মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, ‘ট্রাম্পের তামার উপর আমদানি শুল্কের প্রভাব নিয়ে পর্যালোচনা করছি আমরা।’ সরকারি কর্তাদের অবশ্য দাবি, দেশের মধ্যে অত্যাধিক চাহিদা থাকায় তামার উপর মার্কিন শুল্কের বিশেষ কোনও প্রভাব পড়বে না। বিশেষজ্ঞরা বলছেন, তামা ও ওষুধ শিল্প-এই দুই ক্ষেত্রে ভারতীয় পণ্যের সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা। ভারতের ওষুধ রপ্তানির ৩৫ থেকে ৪০ শতাংশই হয় মার্কিন মুলুকে। আর ১৫ শতাংশ ভারতীয় তামার ক্রেতা ওয়াশিংটন। চড়া শুল্কহার বসলে মার্কিন মুলুকে বাজার হারাবে ভারত। অগত্যা রপ্তানি স্বাভাবিক রাখতে নতুন কোনও বাজার ধরতে হবে দিল্লিকে। তাই বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়বে। উল্লেখ্য, আমেরিকায় ভারত থেকে প্রায় ৩০ কোটি ডলার মূল্যের তামা ও তামাজাত পণ্য পাঠানো হয়েছে। অন্যদিকে ২ হাজার ৪০০ কোটি ডলার ওষুধ রপ্তানির ৩৫ থেকে ৪০ শতাংশেরই ক্রেতা আমেরিকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ