Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একমাসে ভিনরাজ্য থেকে গ্রেপ্তার ৫ তৃণমূল নেতা

ভিনরাজ্য থেকে আরও এক তৃণমূল নেতা ফারুক গাজি গ্রেপ্তার। মোট ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ। বিস্তারিত পড়ুন।

একমাসে ভিনরাজ্য থেকে গ্রেপ্তার ৫ তৃণমূল নেতা
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বারাকপুর: ভিনরাজ্য থেকে গ্রেপ্তার করা হল আরও এক তৃণমূল নেতাকে। এবার গ্রেপ্তার হলেন টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা ভাইস চেয়ারম্যান ফারুক গাজি। এই নিয়ে ভিনরাজ্য থেকে ধৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। 

Advertisement

রাজ্যজুড়ে নানা অভিযোগে তৃণমূল নেতাদের ধরপাকড় চলছে। গ্রেপ্তারি এড়াতে অনেকেই গা ঢাকা দিচ্ছেন ভিনরাজ্যে। একমাসের ব্যবধানে অন্তত পাঁচজন তৃণমূল নেতাকে ধরে নিয়ে আসা হল অন্য রাজ্য থেকে। বিভিন্ন জেলায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ রয়েছে। কেরলের তিরুবনন্তপুরম থেকে গ্রেপ্তার করা হয় আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলার তৃণমূলের স্বপন নন্দীকে। গ্রিনসিটি দুর্নীতির অভিযোগ দায়ের হওয়ার পর থেকে প্রাক্তন চেয়ারম্যান পলাতক ছিলেন। কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষ ধরা পড়ে পুরীতে। কাশ্মীরে আত্মগোপন করেছিলেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলম। ফিরে আসার সময় তাঁকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। 
এবার সেই তালিকায় জুড়ল টাকির নাম। বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হলেন টাকির ‘ডন’ ফারুক গাজি। বসিরহাট পুলিশ জেলার বিশেষ টিম বেঙ্গালুরু থেকে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে বসিরহাটে নিয়ে আসছে পুলিশ। ফারুক টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন। পুলিশ জানিয়েছে, টাকির রায়চৌধুরী জমিদার বাড়ির বংশধর প্রবীর রায়চৌধুরী ৩ জুন ফারুকের বিরুদ্ধে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ করেন হাসনাবাদ থানায়। সেই মামলায় এখনও অধরা টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়সহ মোট ১৫ জন। 
প্রসঙ্গত, এলাকায় ফারুকের দাপট ও একচ্ছত্র আধিপত্যের কথা কারও অজানা নয়। তাঁর বিরুদ্ধে জোর করে জমি দখল, সরকারি সম্পত্তি ও নদীর চর ভেড়ি বানানোর জন্য দখল করার ভূরিভূরি অভিযোগ আছে। ক্ষমতা কায়েম করে বেআইনিভাবে টাকিতে ইছামতীর তীরে একাধিক বিলাসবহুল হোটেল ও রিসর্ট তৈরি করেছেন। ফারুক গাজির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ভাগ্নে ইমরান গাজিকে। 
এদিকে, তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার হালিশহর পুরসভায় কাজে যোগ দিয়েছিলেন তাঁর ভাই পাপন ঘোষ। বিজেপি কর্মীরা সেই খবর পেয়ে পুরসভায় জড়ো হয়ে পাপন ঘোষ ও তাঁর সঙ্গী কুন্দন চক্রবর্তীকে মারধর করে। হালিশহর থানার পুলিশ পাপনকে গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করে। কিন্তু পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শুভঙ্কর ঘোষকে হালিশহর থানায় নিয়ে আসা হয়। রাতে তাঁকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার শুভঙ্কর ও পাপনকে বারাকপুর আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় শুভঙ্কর বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। বিচারক তাঁদের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। বারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম কোনো পুরসভার চেয়ারম্যান গ্রেপ্তার হলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ