Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকদহে ডাকাতি, ৫ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

চাকদহে বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় ডাকাতির ঘটনায় শুক্রবার পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কল্যাণী আদালত

চাকদহে ডাকাতি, ৫ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: চাকদহে বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় ডাকাতির ঘটনায় শুক্রবার পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কল্যাণী আদালত। দোষীদের মধ্যে সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার সহ এক কর্মীও রয়েছে। ২০২৫ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় চাকদহ বাসস্ট্যান্ডের কাছে ওই সংস্থার শাখায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঢুকে প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ঘটনার পর শাখার সেলস ম্যানেজার অভিজিৎ ঘোষ চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে চাকদহ থানার পুলিশ ও রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল। তদন্তে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক ব্যাগ সোনার গয়না উদ্ধার হয়। পরে ওড়িশার পুরী থেকে শাখার সেলস ম্যানেজার অভিজিৎ ঘোষ ও কর্মী বাপ্পা ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চাকদহের পাঁচপোতায় ম্যানেজারের বাড়ি থেকে লুট হওয়া আরও সোনার গয়না উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত বাইক। পুলিশের তদন্তে উঠে আসে, সংস্থার ওই দুই কর্মী ডাকাতিতে দুষ্কৃতীদের সহযোগিতা করেছিল এবং শাখার ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য তাদের দিয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর শুক্রবার পাঁচজনকেই দোষী সাব্যস্ত করে কল্যাণী মহকুমা আদালতের ফাস্টট্র্যাক-২ এর বিচারক সৌরভ জানা তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। এই বিষয়ে সরকারি আইনজীবী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, ডাকাতির ঘটনায় লুট হওয়া সমস্ত সোনা উদ্ধার হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ