হামিরপুর: মধ্যপ্রদেশে ক্রুজ-ডুবির পর এবার উত্তরপ্রদেশে নৌকাডুবি। যোগীরাজ্যের হামিরপুরের কুতুবপুর পাতিয়া গ্রামে নৌকাডুবি। বুধবার যমুনা নদীতে উলটে যায় একটি যাত্রীবাহী নৌকা। তিনজনকে সময়মতো উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা ও চার শিশু। দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তদন্ত চলছে।
সূত্রের খবর, সন্ধ্যা ৭টা নাগাদ মাঝ নদীতে নৌকাটি উলটে যায়। নৌকায় মাঝি ধীরু ছাড়া মোট ন’জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই জলে পড়ে যায়। ধীরু তিনজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। বাকি ছ’জন ডুবে যায়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে ছিলেন জাতীয় ও রাজ্য মোকাবিলা বাহিনীর সদস্যরা। শুরু হয় উদ্ধারকাজ। শেষমেশ বৃহস্পতিবার পাঁচজনের দেহ উদ্ধার করা হয়। আরেকজনের খোঁজ জারি রয়েছে। এসএইচও ব্রিজেশ কুমার জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এর জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধারকাজ। ইতিমধ্যে জেলা প্রশাসনকে দুর্ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হামিরপুরের বিধায়ক মনোজ প্রজাপতি বলেন. ‘নিয়ম মেনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।’