আমডাঙা-কাণ্ডে নতুন করে হদিশ ৪০টি  ব্যাংক অ্যাকাউন্টের, লেনদেন কোটি টাকা
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: এক কিশোরের ব্যাংক অ্যাকাউন্টকে হাতিয়ার করে শুরু হয়েছিল তদন্ত। তারপর একে একে সামনে এসেছে জামতাড়া গ্যাংয়ের যোগ, মিউল অ্যাকাউন্টের কারবার। সেই সঙ্গে সামনে এসেছে ব্যাংকের চেকবই-পাশবইয়ের স্তূপও। এবার সেই সাইবার প্রতারণার তদন্তেই কার্যত বিস্ফোরক মোড়! ধৃত এক অভিযুক্তকে জেরা করে আরও ৪০টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেল আমডাঙা থানার পুলিশ। সেই অ্যাকাউন্টের লেনদেনের অঙ্ক এক কোটিরও বেশি টাকা! তদন্তকারীদের সূত্রে দাবি, শুধু বাংলার নয়, ভিন রাজ্যের সাইবার প্রতারণার টাকাও জমা পড়েছে সেই অ্যাকাউন্টে। অর্থাৎ আমডাঙাকে কেন্দ্র করে সামনে আসা এই প্রতারণার জাল কত দূর পর্যন্ত ছড়িয়েছে তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। তদন্তকারী অফিসার আসিফ মণ্ডল এবং আইসি আনিসুর রহমানের যৌথ তদন্তে উঠে এসেছে বিভিন্ন তথ্য। 

Advertisement

চক্রের কারবার শুধু কয়েকজন প্রতারকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন এলাকায় ‘এজেন্ট’ ছড়িয়ে রেখে ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করত গ্যাংটি। উত্তর ২৪ পরগনার গণ্ডি পেরিয়ে রাজ্যের একাধিক জেলায় সক্রিয় রয়েছে তাদের এজেন্ট নেটওয়ার্ক। কোথাও প্রলোভন, কোথাও নানা অজুহাত, আবার কোথাও আর্থিক সুবিধার টোপ দিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টকে প্রতারণার কাজে ব্যবহার করা হত। সেই অ্যাকাউন্টে ঢুকত প্রতারণার টাকা, আর আড়ালে থেকে যেত মূল কারবারিরা। 
পুলিশের দাবি, বিভিন্ন অজুহাতে রাজ্যের নানা প্রান্ত থেকে এভাবেই ৫৩টি মিউল অ্যাকাউন্ট তৈরি করে কয়েক কোটি টাকার সাইবার প্রতারণা চালিয়েছিল জামতাড়া গ্যাং। এরপর ঝাড়খণ্ডের গিরিডি থেকে সনু আনসারি, শাহবাজ আনসারি সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করেই আমডাঙার সাধনপুরের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রের পাশের ঘরে হানা দেন তদন্তকারীরা। 
সেখান থেকে উদ্ধার হয় একাধিক মনিটর, সিপিইউ, কিবোর্ড, দুটি ল্যাপটপ, ২২টি ব্যাংকের চেকবই, ১৭টি পাশবই এবং ২৬টি ডেবিট কার্ড। আর বারাসতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দিয়েছিল পুলিশ। সঙ্গে ছিল ধৃত আমডাঙার একটি গ্রাহক সেবা কেন্দ্রের মালিক শেখ সাফারাজ ইসলাম। ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা। সেখান থেকেই আরও ৪০টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এক কোটিরও বেশি টাকার লেনদেনের তথ্য সামনে এসেছে। আরও উদ্ধার হয়েছে অ্যাকাউন্টের কেওইসি ফর্ম, ওপেনিং ফর্ম, ছবি ও লম্বা স্টেটমেন্টও। মূলত, বাইর থেকে টাকা এই অ্যাকাউন্টগুলিতে এসে জমা পড়ত। আর মুহূর্তের মধ্যে সেই টাকা তোলা হত। 
তবে, এই গ্যাংয়ের মাথায় কে? কার নির্দেশে কাজ করত বিভিন্ন জেলার এজেন্টরা? ৪০টি অ্যাকাউন্টের বাইরে আরও কত মিউল অ্যাকাউন্ট ছড়িয়ে রয়েছে? প্রতারণার কোটি কোটি টাকা শেষ পর্যন্ত কার পকেটে পৌঁছেছে? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই ধৃতদের লাগাতার জেরা করছেন তদন্তকারীরা। পুলিশের নজর শুধু জামতাড়া গ্যাংয়ের ধৃত সদস্যদের উপর নয়, আড়ালে থাকা অদৃশ্য নেটওয়ার্কের দিকেও।  নিজস্ব চিত্র