নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পথ দুর্ঘটনায় জখম হল কেন্দ্রীয় বিদ্যালয়ের চার পড়ুয়া। শনিবার সকালে মুর্শিদাবাদের ১২নম্বর জাতীয় সড়কে ওই পড়ুয়াদের অটোর পিছনে একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। জখম পড়ুয়াদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। পুলিস জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বহরমপুর থানার আখের মিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বেলডাঙার মহুলার দিক থেকে একটি অটোয় ১০জন পড়ুয়া বহরমপুরের পঞ্চাননতলার কেন্দ্রীয় বিদ্যালয়ে আসছিল। সেই সময় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোর পিছনে সজোরে ধাক্কা মারে। অটোটি দুমড়েমুচড়ে যায়। দুই ছাত্র ও দুই ছাত্রী জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যালে পাঠায়। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, খুব সকালে একটা দুর্ঘটনা ঘটেছে। তিনজন পড়ুয়ার একটু বেশি আঘাত লেগেছিল। জখমদের চিকিৎসা হয়েছে। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, এক পড়ুয়ার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। বাকিদের হাতেপায়ে চোট লেগেছে। তবে প্রত্যেকেই স্থিতিশীল। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাদের ছুটি দেওয়া হয়।



