Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোয়া থেকে মালদহ পুলিশের হাতে গ্রেপ্তার আরও ৪ মাদক পাচারকারী

জেলা পুলিশের তৎপরতায় এবার সুদূর গোয়া থেকে গ্রেপ্তার হল মাদক পাচার চক্রের চার চাঁই। কালিয়াচকের শেরশাহী মহেশপুরের লিচু বাগান থেকে জানুয়ারি মাসের ২৫ তারিখ ২ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হয়েছিল

গোয়া থেকে মালদহ পুলিশের হাতে গ্রেপ্তার আরও ৪ মাদক পাচারকারী
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা মালদহ: জেলা পুলিশের তৎপরতায় এবার সুদূর গোয়া থেকে গ্রেপ্তার হল মাদক পাচার চক্রের চার চাঁই। কালিয়াচকের শেরশাহী মহেশপুরের লিচু বাগান থেকে জানুয়ারি মাসের ২৫ তারিখ ২ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হয়েছিল তাসলিম শেখ, মহম্মদ আবদুল্লা শেখ, রাজীব শেখ এবং তাজেল সেখ। ওই চারজনই কালিয়াচক থানার নয়াগ্রাম মহেশপুরের বাসিন্দা। পুলিশ ওই চারজনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার বাজেয়াপ্ত করার পরে তাদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছিল। তখনই উঠে আসে ধৃত চারজনের আরো চার শাগরেদের নাম। কিন্তু ততক্ষণে ওই চারজন গা ঢাকা দেয় পুলিশের হাত থেকে বাঁচতে।

Advertisement

কিন্তু হাল ছাড়েনি জেলা পুলিশও। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে লাগাতার নজরদারি চালানো হতে থাকে সোহরাব আলি, মিজানুর রহমান, ইসমাইল শেখ এবং আব্দুল সুভানের ওপর। ওই চারজন কালিয়াচক থানারই হারুচক, মোজামপুর, ইমাম জাগীর এবং দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দা। তাদের গতিবিধি ট্র্যাক করে পুলিশ জানতে পারে মাদক পাচার র‍্যাকেটের ওই চার সক্রিয় সদস্য পাড়ি দিয়েছে গোয়াতে। আকাশপথে গোয়াতে পৌঁছেছে তারা। কিন্তু তার আগেই মালদহ জেলা পুলিশ গোয়া পুলিশকে ওই চার পাচারকারীর হদিশ জানিয়ে দেয়। গোয়া পুলিশ ডাবোলিম বিমান বন্দরেই আটক করে চারজনকে। পরে মালদহের কালিয়াচক থানার একটি দল গিয়ে ওই চারজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে মালদহে ফিরিয়ে আনে। ধৃতদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন। জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে মাদক বিরোধী চিরুনি তল্লাশি শুরু হয়েছে তাতে মাত্র দু'মাসের মধ্যেই এই চক্রের কোমর ভেঙে গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ