Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের টুলবক্স খুলে ৫০ হাজার টাকা লুট, ধৃত কাটিহার গ্যাংয়ের ৪ দুষ্কৃতী

ব্যাঙ্কে টাকা তুলে ফেরার সময় মিষ্টি দোকানে ঢুকতেই বাইকের টুলবক্স খুলে ৫০হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় কোতুলপুর থানার পুলিস কাটিহার গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

বাইকের টুলবক্স খুলে ৫০ হাজার টাকা লুট, ধৃত কাটিহার গ্যাংয়ের ৪ দুষ্কৃতী
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: ব্যাঙ্কে টাকা তুলে ফেরার সময় মিষ্টি দোকানে ঢুকতেই বাইকের টুলবক্স খুলে ৫০হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় কোতুলপুর থানার পুলিস কাটিহার গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সুজিত শাহ, অশোক সিং, রাজু সিং ও বিমল সিং। তাদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলার কোড়া থানা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কোতুলপুর থানার হাজরাপুকুরের এক বাসিন্দা ও তাঁর জামাই কোতুলপুরে ব্যাঙ্ক থেকে ৫০হাজার টাকা তুলে তা বাইকের টুলবক্সে রেখে বাড়ি ফিরছিলেন। বামুনাইরি মোড়ে দোকানের সামনে বাইক রেখে মিষ্টি কিনতে ঢুকেছিলেন। সেই সময় টুলবক্স খুলে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। পুলিস ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ ও অন্যান্য সূত্রের মাধ্যমে কাটিহার গ্যাংয়ের  সদস্যদের যোগসূত্র খুঁজে পায়। সেই মতো মঙ্গলবার চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

অভিযোগকারী নারায়ণ দে’র জামাই গুরুদাস পাল বলেন, কিছুদিন আগে বিশেষ প্রয়োজনে কোতুলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে শ্বশুরমশাই ৫০হাজার টাকা তুলতে গিয়েছিলেন। আমি তাঁকে বাইকে করে নিয়ে গিয়েছিলাম। টাকা তোলার পর বামুনাইরি মোড়ে একটি দোকানে মিষ্টি কিনতে ঢুকেছিলাম। তখন দুই যুবক দোকানে মিষ্টি কেনা নিয়ে সেখানে ঝামেলা করছিল। তার কিছুক্ষণ পরেই আমি বাইকের দিকে তাকাতেই দেখি, টুলবক্স খোলা। সঙ্গে সঙ্গে গিয়ে দেখি, টাকার ব্যাগ উধাও। টুলবক্সে অন্য একটি ব্যাগে পাসবই, আধার, ভোটার কার্ড সহ অন্যান্য কাগজপত্র ছিল। সেগুলিও দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিসকে জানানো হয়। দোকানের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মিষ্টি দোকানে ঝামেলার অছিলায় দু’জন নজর ঘোরানোর চেষ্টা করে। তখন অন্য দু’জন বাইকের টুলবক্স খুলে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। পরে দোকানে ঝামেলা করা দুই যুবকও অন্য একটি বাইকে পালিয়ে যায়। আমার মনে হয়, ওরা ব্যাঙ্ক থেকেই আমাদের ফলো করেছিল।
এক পুলিস আধিকারিক বলেন, বিহারের কাটিহারের একটি দল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাঙ্কের গ্রাহকদের টার্গেট করছিল। টাকা তুলে বেরনোর পরেই তাঁদের অনুসরণ করছিল। নির্জন জায়গায় তারা ব্যাগ ছিনিয়ে চম্পট দিচ্ছিল। সেই সুযোগ না পেলে দলের একাংশ এই পন্থা অবলম্বন করছিল। পূর্ব বর্ধমান, আসানসোল, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এনিয়ে অভিযোগ হয়। বামুনাইরি মোড়ে ছিনতাইয়ের ঘটনায় কাটিহার গ্যাংয়ের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তার ভিত্তিতে ওই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ