Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানাঘাটের আনুলিয়া পঞ্চায়েতের ৪ কিমি রাস্তা যেন মরণকূপ, ক্ষোভ

একটানা প্রায় ১০ বছর ধরে রানাঘাট-১ ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা সংস্কার হয়নি। গত কয়েকদিনের বৃষ্টিতে এখন সেই রাস্তাই যেন মরণকূপ।

রানাঘাটের আনুলিয়া পঞ্চায়েতের ৪ কিমি রাস্তা যেন মরণকূপ, ক্ষোভ
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: একটানা প্রায় ১০ বছর ধরে রানাঘাট-১ ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা সংস্কার হয়নি। গত কয়েকদিনের বৃষ্টিতে এখন সেই রাস্তাই যেন মরণকূপ। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিস্থিতি বদলায়নি। নির্বাচন এলে কেবল রাজনৈতিক নেতাদের আশ্বাস মেলে। কিন্তু, রাস্তা আর তৈরি হয় না। অগত্যা বর্ষায় কাদা আর শীত-গ্রীষ্মে ধুলোর ঝড়ে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

পঞ্চায়েতের সামনে দিয়েই এই রাস্তার একপ্রান্ত গিয়েছে মাজদিয়া সেতুর দিকে এবং অন্যটি আনুলিয়া উচ্চ বিদ্যালয়ের দিকে। জিন্দেগীর মোড় থেকে পঞ্চায়েত অফিস, আনুলিয়া উচ্চ বিদ্যালয় এবং আনুলিয়া পাঠাগার হয়ে লাল গেট পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য কমবেশি প্রায় চার কিলোমিটার। ঠিক পাশেই রয়েছে চূর্ণি নদী। ২০২৩ সালে মাজদিয়া সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে, সেতু পর্যন্ত পৌঁছনোর রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রশ্ন করা হলে স্থানীয় মানুষ অনেক মাথা চুলকেও মনে করতে পারলেন না, শেষ কবে রাস্তাটির ঢেলে সংস্কার হয়েছে।
খানাখন্দে ভরা সেই রাস্তা শুকনো সময়েই বিপদের হাতছানি দেয়। আর গত কয়েকদিনের বৃষ্টিতে সেই রাস্তা এখন ‘মৃত্যুকূপ’ হয়ে উঠেছে। সাইকেলে অথবা পায়ে হেঁটে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই আছাড় খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তবুও চুপ প্রশাসন। নিত্যযাত্রী অরূপ বিশ্বাস বলেন, আনুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত রাস্তার বেহাল দশা। তা সংস্কারের জন্য রাস্তা অবরোধ হয়েছে। বিক্ষোভ দেখানো হয়েছে। কিন্তু, কিছুতেই লাভ হয়নি। স্থানীয় মানুষজন প্রশাসনকে বহুবার অভিযোগ জানিয়ে হয়রান হয়ে গিয়েছে। কেন যে এই রাস্তার দিকে কেউ তাকায় না, তা এক অদ্ভুত রহস্য। 
আরএক নিত্যযাত্রী তরুণ দাস বলেন, আমার ছেলে আনুলিয়া স্কুলে পড়ে। বর্ষায় এই রাস্তা দিয়ে ভীষণ কষ্ট করে ওদের চলাচল করতে হয়। রাস্তা তৈরি না হোক, অন্তত কিছু রাবিশ ফেলে তো চলাচলের উপযুক্ত করা যায়। সেটাও হয় না। ভোট চাইতে আসার সময় নেতাদের মুখে যত মিষ্টি কথা শুনি। আর তাদের কাজ কী, তার জ্বলন্ত উদাহরণ আনুলিয়ার এই রাস্তা। আপাতত এই রাস্তাটিই স্থানীয় মানুষের কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস বলেন, সমস্যা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে রাস্তাটি সংস্কার করতে যে বিপুল টাকার প্রয়োজন তা পঞ্চায়েতের পক্ষে খরচ করা সম্ভব নয়। জেলাস্তরে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ