নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে জলপাইগুড়ি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থনে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। জেলার বিভিন্ন স্থানে পুলিসের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩৯৬ জন। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁদের।
জেলা পুলিস সুপার উমেশ খণ্ডবাহালে বলেন, নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এমন ১৬ জনকে পাকড়াও করা হয়েছে। প্রিভেনটিভ সেকশনে গ্রেপ্তার করা হয়েছে ৩৩০ জনকে। ৫৯টি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জুয়ার ঠেকে হানা দিয়ে পুলিস ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা বোর্ড মানি। প্রচুর বেআইনি মদ উদ্ধার হয়েছে। অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। ট্রাফিক আইন না মানায় ৯০১ জনের বিরুদ্ধে মামলা রুজু ও জরিমানা ধার্য করা হয়েছে। জেলাজুড়ে ১৪ জায়গায় নাকা চেকিং চালানো হয় বলে জানিয়েছেন তিনি।