নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাইবার প্রতারণার শিকার হয়ে বারাসত শহরের বাসিন্দা অয়ন বন্দ্যোপাধ্যায় খুইয়েছিলেন ৩৩ লক্ষ ৩২ হাজার টাকা। এনিয়ে অভিযোগ দায়ের হয় বারাসত সাইবার থানায়। তদন্ত চালিয়ে মাস তিনেকের মধ্যে খোয়া যাওয়া টাকার মধ্যে ১০ লক্ষ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার প্রতারিতর হাতে সেই টাকা তুলে দিল বারাসত সাইবার থানার পুলিস। বারাসতের বাসিন্দা অয়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেব্রুয়ারি মাসে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। প্রতারকরা কথার ছলে তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেন। পরবর্তীতে তাঁকে অনলাইন ব্যবসার জন্য ‘প্রশিক্ষণ’ও দেওয়া হয়। এরপর ব্যবসা করার জন্য অনলাইনে বিনিয়োগ করার ‘অফার’ দেন প্রতারকরা। অনলাইন ট্রেডিংয়ে মুনাফার প্রলোভন দেখিয়ে অয়নকে বিনিয়োগ করতে বলা হয়। সেই প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারকদের পাঠানো কয়েকটি অ্যাকাউন্টে দফায় দফায় ৩৩ লক্ষ ৩২ হাজার টাকা বিনিয়োগ করেন অয়ন। কিছুদিন পরেই তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন।



