Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার হাল, মাস্টার্সে ৩০ শতাংশ আসন খালি, উদ্বেগ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রিতে পড়াশোনার করার জন্য ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না। দু’মাস ধরে চলা ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে ৭অক্টোবর।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার হাল, মাস্টার্সে ৩০ শতাংশ আসন খালি, উদ্বেগ
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৪:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রিতে পড়াশোনার করার জন্য ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না। দু’মাস ধরে চলা ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে ৭অক্টোবর। তারপর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস সহ দুই মেদিনীপুরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স থাকা অনেক কলেজে সিট ফাঁকা পড়ে রয়েছে। গত ৮আগস্ট পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেদিন থেকেই অনলাইনে আবেদন শুরু হয়। চার দফায় কাউন্সেলিং শেষে ৭অক্টোবর ভর্তি প্রক্রিয়া শেষ বলে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর দেখা যাচ্ছে, ৩০শতাংশ আসন খালি। আর এসসি, এসটি, ওবিসি প্রভৃতি সংরক্ষিত প্রায় ৫০শতাংশ আসনে ছাত্রছাত্রীই পাওয়া যায়নি।

Advertisement

বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় ৫৪টি ডিগ্রি কলেজে স্নাতকস্তরে আসন খালি পড়ে থাকছে। ২০২৩সাল থেকে এই সমস্যা প্রকট হয়। ২০২৪সালে সেটা আরও বাড়ে। আর, এবছর ২০২৫সালে একেবারে শোচনীয় অবস্থা। ইউনিভার্সিটির অধীন ৫৪টি কলেজে স্নাতকে মোট ৭৪হাজার আসন। তারমধ্যে মাত্র ২৬হাজার ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। ফাঁকা রয়েছে প্রায় ৪৮হাজার সিট। আশ্চর্যের বিষয় হল, পোস্ট গ্র্যাজুয়েটেও আসন ভরাট হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস সহ বিভিন্ন কলেজেও পোস্ট মাস্টার্সডিগ্রিতে ফাঁকা ক্লাসরুম। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, সংস্কৃতের মতো বিষয়ে ক্লাসরুম ফাঁকা।
মেদিনীপুর শহরে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে পোস্ট গ্র্যাজুয়েটে আসন সংখ্যা ২৪০০। এছাড়াও দুই মেদিনীপুর জেলায় প্রায় ২০টি কলেজে আরও প্রায় আড়াই হাজার পোস্ট গ্র্যাজুয়েটের আসন আছে। এবছরই  প্রথম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে সব আসনে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল। গত কয়েক বছর কলেজ কর্তৃপক্ষ আবেদন সংগ্রহ করে কাউন্সেলিংয়ের মাধ্যমে মাস্টার ডিগ্রিতে ভর্তি করা হতো। কিন্তু, এবছর বিশ্ববিদ্যালয় নিজেদের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে মেন ক্যাম্পাস সহ সব কলেজে পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্টে ভর্তি করিয়েছে। সেখানে চার দফায় কাউন্সেলিং হয়েছে। তারপরেও প্রায় ৩০শতাংশ আসন ফাঁকা।
একটা সময় ছিল অনার্স সম্পূর্ণ করার পর পোস্ট গ্র্যাজুয়েটে সুযোগ না পেয়ে দুই মেদিনীপুরের বহু ছাত্রছাত্রী মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট করতে যেতেন। বিশেষ করে ভূগোল, ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, রসায়নের মতো বিষয়ে মাস্টার্স ডিগ্রিতে বিদ্যাসাগর বিদ্যালয়ে সুযোগ পাওয়া ছিল চাঁদ হাতে পাওয়ার মতো। সেসব আজ অতীত। মেন ক্যাম্পাস সহ নানা একঝাঁক কলেজে পোস্ট গ্র্যাজুয়েটে আসন খালি। এই অবস্থায় ১১অক্টোবর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি দিয়ে কলেজগুলিকে পোস্ট গ্র্যাজুয়েটের ফাঁকা আসনে ইচ্ছুক ছাত্রছাত্রী ভর্তি নেওয়ার কথা জানিয়েছে।
উচ্চশিক্ষায় উপযুক্ত ছাত্রছাত্রী পাওয়া যায়নি। অথচ, ২০২৫-’২৬সেশনেও ওই বিশ্ববিদ্যালয়ে ছ’টি বিষয়ে নতুন মাস্টার্স ডিগ্রি চালু হয়েছে। সেগুলি হল, এমএসসি বায়োটেকনোলজি এবং বায়োইনফরমেটিক্স, এমটেক কম্পিউটার সায়েন্স উইথ এআই, এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স(আন্ডার সিসিএই), এলএলএম, এসএসসি ওসান জিওমেটিক উইথ এআই এবং এমএ পপুলেশন, হেল্থ অ্যান্ড ডেভেলপমেন্ট। বর্তমানে প্রযুক্তিগত অগ্রগতির কথা মাথায় রেখে নতুন বিষয়ে উচ্চশিক্ষার দরজা উন্মুক্ত করা হচ্ছে। কিন্তু, তাতে ছাত্রছাত্রীরা আগ্রহী না হলে তার দায় কার? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
কাঁথি প্রভাতকুমার কলেজে মোট ছ’টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটে ২৫৬টি আসন। তাতে ১৫১জন পড়ুয়া পাওয়া গিয়েছে। ১০৫টি আসন ফাঁকা বলে জানিয়েছেন সেখানকার প্রিন্সিপাল অমিতকুমার দে। বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সিলের সেক্রেটারি তরুণকান্তি মণ্ডল বলেন, পোস্ট গ্র্যাজুয়েটে প্রায় ৩০শতাংশ আসন ফাঁকা রয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার জন্য কলেজগুলিকে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ