Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষোভ বাড়ছে অন্নপূর্ণায়, নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, মার

অন্নপূর্ণা যোজনায় ‘বঞ্চিত’ মহিলাদের ক্ষোভের আঁচ ক্রমেই ছড়িয়ে পড়ছে। চলতি আগস্ট মাসে সেই ভাতা পাওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। সেদিনও ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা না আসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছিলেন বঙ্গনারীরা।

ক্ষোভ বাড়ছে অন্নপূর্ণায়, নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, মার
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অন্নপূর্ণা যোজনায় ‘বঞ্চিত’ মহিলাদের ক্ষোভের আঁচ ক্রমেই ছড়িয়ে পড়ছে। চলতি আগস্ট মাসে সেই ভাতা পাওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। সেদিনও ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা না আসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছিলেন বঙ্গনারীরা। শুক্রবারও তা অব্যাহত ছিল। দক্ষিণ থেকে উত্তরবঙ্গে কোথাও রেলপথ, কোথাও রাস্তা অবরোধ, কোথাও এসডিও-বিডিও অফিস ঘেরাও-তালা ঝোলানো, থানায় বিক্ষোভ, আবার কোথাও যোজনার সমীক্ষা কর্মীকে তালাবন্দি করে রাখা—ঘটনাবহুল ছিল গোটা দিন! বঞ্চিত মহিলারা রীতিমতো হুমকি দিয়েছেন, ‘টাকা না পেলে, আরও বড়ো আন্দোলন হবে।’ 

Advertisement

অন্নপূর্ণায় ‘বঞ্চিত’ মহিলারা এদিন দুপুরে শিয়ালদহ-বারাসত শাখার বিরাটি স্টেশনে দীর্ঘক্ষণ রেলপথ অবরোধ করে রাখেন। বিক্ষোভ থেকে রেহাই পাননি রাজ্যের পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। এদিন পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে তিনি বৈঠক করছিলেন। সেই সময় একতলায় বিক্ষোভ শুরু করেন মহিলারা। বৈঠক ছেড়ে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করেন মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, ‘বলতে খারাপ লাগছে, অনেক তৃণমূলের লোক ভিতরে বসে রয়েছে। অনেক গণ্ডগোল পাকাচ্ছে।’ 
বিক্ষোভের পারদ চড়ছে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও। ক্ষোভের আগুন ছড়িয়েছে তাঁর অন্যতম নির্বাচনি কেন্দ্র নন্দীগ্রামে। অন্নপূর্ণা যোজনা থেকে ‘বঞ্চিত’ ক্ষুব্ধ মহিলারা এদিন বিকালে বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের গোপালচক গ্রামে বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ সুদর্শন পাত্রের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরও করে। সুদর্শনবাবু সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁকে না পেয়ে ক্ষুব্ধ মহিলারা শ্যামল দাস নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি পটাশপুরেও বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ‘বঞ্চিত’ মহিলারা। নন্দকুমারে হয় পথ অবরোধ। তমলুক পুরসভায় যোজনা বঞ্চিতদের বিক্ষোভ চরমে উঠলে, সামাল দিতে ডাকা হয় কেন্দ্রীয় বাহিনীকে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিক্ষোভ চলে। বেলদায় অবরোধ করা হয় দীঘা সড়ক। বাঁকুড়ার বড়জোড়া ও বিষ্ণুপুরে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দেন। শালতোড়াতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় বাঁশ বেঁধে অবরোধ করেন মহিলারা। 
কল্যাণীর এসডিও অফিস এবং পুরসভায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের অভিযোগ, পোর্টালে প্রথমে আবেদন ‘অ্যাপ্রুভ’ দেখাচ্ছিল। কিন্তু এখন স্টেটাস ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। পুরসভার সামনে রাস্তা অবরোধ করা হয়। বিক্ষোভ চলে চাকদহ পুরসভাতেও। গোবরডাঙা ও হাবড়া পুরসভা এবং দেগঙ্গা বিডিও অফিসে আছড়ে পড়ে রোষ। সোনারপুর-রাজপুর পুরসভার হরিনাভি অফিসের সামনে ঘণ্টাখানেক পথ অবরোধ করেন মহিলারা। উত্তরবঙ্গের তুফানগঞ্জ-১ নম্বর বিডিও অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। অবরোধ চলে ক্রান্তি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, মাটিগাড়া এবং তপনে। বালুরঘাট শহর লাগোয়া মোয়ামারিতে অন্নপূর্ণার সমীক্ষা করা অঙ্গনওয়াড়ি কর্মীকে তালাবন্দি করে রাখেন মহিলারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ