বুকস্টলে হামলার ঘটনায় তলব পেয়ে থানায় ৩ এসএফআই কর্মী
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজে হাঙ্গামার পর তিন ইন্টার্নকে তলব করেছিল বউবাজার থানার পুলিশ। একইভাবে কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বই বিপণিতে হামলার ঘটনায়, এসএফআইয়ের তিনজন তলবের চিঠি পেয়ে মঙ্গলবার জোড়াসাঁকো থানা গেলেন। মেডিকেলের তলব হওয়া ইন্টার্ন চিকিত্সকরা বৃহস্পতিবার থানায় যাবেন বলে ঠিক হয়েছে। এক্ষেত্রেও আর জি কর আন্দোলনের ধাঁচে সিনিয়র ও জুনিয়র চিকিত্সকরাই মিছিল করে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

Advertisement

এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি সাহিল মণ্ডল সহ তিনজন এদিন জোড়াসাঁকো থানায় যান। সাহিল বলেন, ‘আমরা তিনজনই থানায় গেলাম। সেদিনের ঘটনার বিষয়ে পুলিশকে বলে এলাম।’ এদিকে মেডিকেল কলেজের ঘটনায় ইন্টার্ন চিকিত্সকরা বৃহস্পতিবার থানায় যাবেন বলে জানা গিয়েছে। পড়ুয়াদের বক্তব্য, এক সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হল না। এদিকে ৩ জনকে নোটিস দেওয়া হল। আরও জানানো হয়েছে, সোমবার ১৮০ জনেরও বেশি ইন্টার্নের সই নিয়ে কর্তৃপক্ষের কাছে এই হামলার নিন্দা করে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আর জি কর আন্দোলনের সময়ও দেখা গিয়েছিল, একের পর এক চিকিত্সককে পুলিশ তলব করেছিল। মেডিকেল কলেজের এক পড়ুয়ার কথায়, জুনিয়র-সিনিয়র, প্রাক্তনী সকলের সমর্থন রয়েছে। তিন ইন্টার্নের হাজিরার দিন মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে  মিছিল করে বউবাজার থানায় যাওয়ার  সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সংগঠন।