Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেঙ্গল সাফারিতে আরও ৩টি সিংহ শাবকের জন্ম

বেঙ্গল সাফারি পার্কে ফের শাবকের জন্ম দিল সিংহ দম্পতি সুরজ ও তনয়া। প্রায় দু’বছর আগে ত্রিপুরা থেকে এদের শিলিগুড়ির সাফারি পার্কে আনা হয়েছিল।

বেঙ্গল সাফারিতে আরও ৩টি সিংহ শাবকের জন্ম
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে ফের শাবকের জন্ম দিল সিংহ দম্পতি সুরজ ও তনয়া। প্রায় দু’বছর আগে ত্রিপুরা থেকে এদের শিলিগুড়ির সাফারি পার্কে আনা হয়েছিল। তার পরপরই এখানে তারা দু’টি শাবকের জন্ম দিয়েছিল। একটি শাবক মারা যায়। অন্যটি বড় হয়ে উঠছে। তারই মাঝে পাঁচ মাস আগে ফের তিনটি শাবকের জন্ম দিয়েছে এই সিংহ দম্পতি। সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, শাবকগুলি সুস্থ রয়েছে। এখন নজরদারিতে রাখা হয়েছে। 

Advertisement

সম্প্রতি আলিপুর চিরিয়াখানা থেকে ১৮টি নতুন প্রাণী সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। জীবজন্তুর সংখ্যা বাড়তে থাকায় পর্যটকদের ভিড়ও বাড়ছে। প্রতিদিনই কার সাফারিতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে চলতি সপ্তাহেই বেঙ্গল সাফারিতে চালু হচ্ছে নতুন পুলিস ফাঁড়ি। 
সোমবার শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর এ প্রসঙ্গে বলেন, একজন অফিসার, দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও পাঁচজন কনস্টেবল নিয়ে এই ফাঁড়ি চলতি সপ্তাহেই চালু হবে। বেঙ্গল সাফারির মধ্যেই তাঁরা কাজ করবেন। যে হারে এখানে দেশ-বিদেশের পর্যটকের সংখ্যা বাড়ছে, অপ্রীতিকর ঘটনা এড়ানো ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এদিকে, নতুন শাবক সহ লায়ন সাফারি ও নতুন আসা ১৮টি প্রাণীকে কবে সামনে নিয়ে আসা হবে, সে ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করে উঠতে পারেনি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, সিংহ শাবক ও নতুন আসা ১৮টি প্রাণী কোয়ারেন্টাইনে রয়েছে। কবে তাদের দর্শকদের সামনে আনা হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 
এদিকে, পার্ক  সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের আগে এদের দর্শকদের সামনে আনা সম্ভব নয়।  এদিন সাফারি পার্কে বনমহোৎসবের অনুষ্ঠানে এসেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর প্রস্তাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্ক তৈরির উদ্যোগ নেন। মেয়র বলেন, সিংহ এসেছে। সম্প্রতি ঘড়িয়াল, কালো ভালুক সহ ১৮টি নতুন প্রাণী আনা হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার প্রস্তাব, একটা গন্ডার আছে। আর একটা আনা যায় কি না দেখুন। তার একাকিত্ব কাটবে। একটি হাতি রয়েছে, আর একটি সাফারির জন্য আনা দরকার। জিরাফ ও ক্যাঙারু আনা হলে এটি পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ পাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ