Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, ডোমকলে পথ-নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ডোমকলে প্রায় ১২ঘণ্টার ব্যবধানে দু’টি পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল। শনিবার রাতে ডোমকলের হারুরপাড়ায় বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। রবিবার সকালে ডোমকলের বাগডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’ই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, ডোমকলে পথ-নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: ডোমকলে প্রায় ১২ঘণ্টার ব্যবধানে দু’টি পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল। শনিবার রাতে ডোমকলের হারুরপাড়ায় বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। রবিবার সকালে ডোমকলের বাগডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’ই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নাবালক। এর জেরে ফের পথনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ শুধু ডোমকল নয়, গত কয়েকমাসে কোথাও লছিমন, কোথাও ট্রাক-বাস বা অটো-টোটোর ধাক্কায় অনেকের মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার সকালে ডোমকলের বাগডাঙায় মুরশালিম শেখ(২৭) ও হাজিকুল বিশ্বাস(১৪) নামে দুই বাইক আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন। তাঁদের দু’জনের বাড়ি জুগিন্দায়। ডোমকল থানার পুলিস দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিস জানিয়েছে, মুরশালিম বাগডাঙার কাছে একটি ইটভাটায় কাজ করতেন। আর হাজিকুল এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করত। রবিবার সকালে দু’জন বাইকে চড়ে কাজে যাচ্ছিলেন। বাগডাঙার সুলতানপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনই ট্রাকের চাকার তলায় পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুরশালিমের দাদা শাহজাহান শেখ বলেন, ভাই ইটভাটায় কাজে যাচ্ছিল। রাস্তায় কোন ছেলেটি তার বাইকে উঠেছিল, তাকে চিনি না। পথে ট্রাকের চাকায় পিষে দু’জনই মারা গিয়েছে। খবর পেয়ে পুলিস ঘাতক গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। যদিও সেটির চালক পলাতক।
শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ডোমকলের হারুরপাড়ায় জলঙ্গিগামী বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও রবিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। ডোমকল থানার পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রতিবছর জেলাজুড়ে ঘটা করে পথনিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। বছরভর পুলিসের সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি লেগেই থাকে। স্কুল, বাজারহাটে সচেতনতা প্রচার করে পুলিস। কিন্তু নজরদারি সত্ত্বেও ট্রাক, বাসগুলি বেপরোয়াভাবে যাতায়াত করছে কী করে? এই প্রশ্নই তুলেছেন জেলার বাসিন্দারা। এবিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ডোমকলের এক বাসিন্দা বলেন, রাস্তায় তো রোজ প্রাণ হাতে করে বের হতে হচ্ছে। বাইকগুলি ঝড়ের গতিতে চলছে। ট্রাক-বাসের বেপরোয়া চলাচলে বিপদ আরও বাড়ছে। পুলিস জানিয়েছে, এবার শুধু সচেতন করা নয়, বেপরোয়াভাবে গাড়ি, বাইক চালানো হলে, বাইকচালকরা হেলমেট না পরলে কড়া পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ