নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: গত কয়েক দিন থেকে একনাগাড়ে প্রবল বৃষ্টি। যার জেরে গতকাল মাঝ রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে বেঘোরে প্রাণ হারালেন একই পরিবারের তিন জন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার ভাণ্ডারপুয়াড়ায়। মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন। জখম আরও তিনজন। তাঁদের চিকিৎসা চলছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই শবর পরিবারটি গ্রামের এক প্রান্তে জঙ্গলের ধারে বসবাস করত। প্রতিদিনের মতো সোমবার রাতেও পরিবারের মোট ছ’সদস্য একটা ঘরেই শুয়ে ছিলেন। মাঝ রাত নাগাদ বাড়িটির দেওয়াল ধসে পড়ে। পরিবারের সদস্যরা সবাই চাপা পড়ে যান। ফলে তাঁরা চিৎকার করলেও আশেপাশে কোনও বাড়ি না থাকায় সাহায্য করতে এগিয়ে আসতে পারেনি কেউই। সারারাত ওইভাবেই চাপা পড়ে থাকেন। সকালে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কয়েজনের নজরে আসে বিষয়টি। খবর দেওয়া হয় পুলিসে। এরপরেই প্রত্যেককে উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করে। জখম তিনজনকে দেবেন মাহাত সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।