খেজুরের রস সংগ্রহ করে গুড় বানাতে গজলডোবায় বাংলাদেশের ৩ শিউলি
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রাজগঞ্জ: শীতের আমেজ পড়তেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা শুরু হয়েছে গজলডোবায়। আর সেই টানেই বাংলাদেশ থেকে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবার দুধিয়া গ্রামে হাজির হয়েছেন খেজুর গুড়ের কারিগররা। জীবিকার সন্ধানে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে ফের চুল্লি জ্বালিয়েছেন তাঁরা। এঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা আব্দুর রহিম। সঙ্গে এসেছেন মহম্মদ জিন্নাত ও মহম্মদ হোসেন। 

Advertisement

স্থানীয় বাসিন্দা দুলাল অধিকারী বলেন, ১৩ বছর ধরে প্রতিবছর শীতের মরশুমে গজলডোবায় এসে খেজুরের গুড় তৈরি করেন আব্দুর রহিম। কিন্তু, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ভিসা সংক্রান্ত সমস্যার জেরে গত দু’বছর এপারে আসা সম্ভব হয়নি তাঁর। এবার ভিসা করিয়ে দুই সঙ্গীকে নিয়ে ফের গজলডোবায় ফিরেছেন তিনি। 
আব্দুর রহিম বলেন, এবার তিনজনে মিলে ১২০ থেকে ১২৫টি খেজুর গাছ নিয়েছি। প্রতিদিন সেই গাছগুলি থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কেজি রস সংগ্রহ করা হচ্ছে। সেই রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ কেজি খেজুরের গুড়। জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে আমাদের তৈরি এই গুড়। বাজারে চাহিদাও ভালো বলে জানিয়েছেন তিনি। 
বছরের পর বছর শীতের মরশুমে সীমান্তের এপার-ওপারে তাঁদের এই যাতায়াতের সঙ্গে জড়িয়ে রয়েছে জীবিকা ও রুজিরুটির প্রশ্ন। তাঁদের হাত ধরেই প্রতিবছর শীতের মরশুমে উত্তরবঙ্গের বাজারে পৌঁছে যায় খেজুরের রস থেকে তৈরি সুস্বাদু গুড়। •