সংবাদদাতা, বোলপুর: পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সিন্ডিকেটের শিকড়ের খোঁজে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে ঘনিষ্ঠদের নাম। রবিবার রাতভর শান্তিনিকেতনের সোনাঝুরির কাছে সরকারডাঙার একটি বিশাল বাড়িতে তল্লাশি চালানোর পর তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

ধৃতদের মধ্যে দু’জন টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন বলে তদন্তকারীদের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন রিপন মণ্ডল,রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নুর আলম। তদন্তকারীদের দাবি, তিনজনই টুলুর পাথরের কারবারের সিন্ডিকেটের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। রিপন ও রাজ টুলুর ব্যবসাতে ম্যানেজারের দায়িত্ব সামলাতেন। পুলিশের দাবি, সেখান থেকে বেশ কিছু অপরাধমূলক নথি উদ্ধার হয়েছে। সেই নথিতে টুলুর ব্যবসার সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম বা তথ্য রয়েছে কি না, তা যাচাই করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের নজরে এখন টুলুর পুরো নেটওয়ার্ক। তার সঙ্গে ধৃতদের যোগাযোগ কত দিনের, আর্থিক লেনদেন কী ভাবে চলত তা জানার চেষ্টা চলছে। আজ মঙ্গলবার ধৃত তিনজনকে আদালতে পেশ করা হবে। তবে রবিবারের অভিযানে কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনাঝুরি জঙ্গলের পিছনে ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই থাকছিলেন তিনজন। এলাকায় তাঁদের টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিতি ছিল। রবিবার দুপুরে আচমকাই বাড়িটিতে হানা দেয় পুলিশ। শুরু হয় তল্লাশি। সেখান থেকেই তিন জনকে আটক করা হয়।