Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রুট ম্যাপ বানিয়ে ডাকাতির চেষ্টা, গোবরডাঙায় ধৃত ৩

আগে থেকে পরিকল্পনা করে দুষ্কৃতীরা এলাকা রেকি করেছিল। সেজন্য নিজেরা পকেটে করে ‘রুট ম্যাপ’ তৈরি করে এনেছিল। অবশ্য তাদের পুরো পরিকল্পনাই বানচাল হয়ে গেল

রুট ম্যাপ বানিয়ে ডাকাতির চেষ্টা, গোবরডাঙায় ধৃত ৩
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আগে থেকে পরিকল্পনা করে দুষ্কৃতীরা এলাকা রেকি করেছিল। সেজন্য নিজেরা পকেটে করে ‘রুট ম্যাপ’ তৈরি করে এনেছিল। অবশ্য তাদের পুরো পরিকল্পনাই বানচাল হয়ে গেল। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনকে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিস। ধৃতরা হল সঞ্জয় দাস, দীপক সাহা ও সাগর মণ্ডল। এই গ্যাংয়ের ‘মাস্টারমাইন্ড’ হল বারাসাতের কাজিপাড়ার বাসিন্দা ধৃত সঞ্জয়। রবিবার বারাসত আদালতে তোলা হলে তাঁদের জেল হেফাজত হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও আছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও গোবরডাঙা থানার পুলিস টহল দিচ্ছিল। রাত সাড়ে ১০টা নাগাদ পুলিসের কাছে খবর আসে যে, খাটুরা বাজারে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। পুলিস তখন সেখানে গিয়ে সঞ্জয়, দীপক ও সাগরকে আটক করে। থানায় আনার পর ওসি পিঙ্কি ঘোষ তাঁদের জেরা করেন। তাঁদের কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজ, একটি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিস। শুধু তাই নয়, সঞ্জয়ের পকেট থেকে একটি ম্যাপও উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, এই ম্যাপ অনুসরণ করে অভিযুক্তরা এলাকায় রেকি করেছিল সন্ধ্যায়। রাতে খাটুরা বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। শেষ পর্যন্ত সেই ছক বানচাল হয়ে গিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ