Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এটিএম, ব্যাঙ্কে চুরির চেষ্টায় গ্রেপ্তার ৩, ট্যাটু-বালা মিলিয়ে পাকড়াও পুলিসের

একই রাতে মুখ ঢেকে তিন জায়গায় চুরির চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে মুখ দেখা না গেলেও হাতের ট্যাটু, বালা, টি শার্টের লেখা দেখে দুষ্কৃতীদের পাকড়াও করেছে পুলিস।

এটিএম, ব্যাঙ্কে চুরির চেষ্টায় গ্রেপ্তার ৩, ট্যাটু-বালা মিলিয়ে পাকড়াও পুলিসের
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট ও গঙ্গারামপুর: একই রাতে মুখ ঢেকে তিন জায়গায় চুরির চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে মুখ দেখা না গেলেও হাতের ট্যাটু, বালা, টি শার্টের লেখা দেখে দুষ্কৃতীদের পাকড়াও করেছে পুলিস। ধৃতদের নাম সঞ্জীব সরকার, আলি আজম ও জাকির শেখ।  প্রথম দু’জনকে কুমারগঞ্জ থানা গ্রেপ্তার করে। জাকিরকে গঙ্গারামপুর থানার পুলিস অশোক গ্রাম থেকে গ্রেপ্তার করে। 

Advertisement

গত বুধবার রাতে কুমারগঞ্জের গোপালগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঢুকে তাণ্ডব চালায় তারা। পাশের একটি পোস্ট অফিসে ঢুকেও ভল্ট ভাঙার চেষ্টা করে। ওই রাতে আবার গঙ্গারামপুর থানার কাশিম মোড়ে এটিএম ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই ঘটনাতেও ধৃতরা যুক্ত ছিল বলে পুলিস জানিয়েছে। শনিবার অতিরিক্ত পুলিস সুপার কার্তিকচন্দ্র মণ্ডল ও ডিএসপি (ডিআইবি) সঞ্জীব বিশ্বাসকে পাশে বসিয়ে এসপি চিন্ময় মিত্তাল বলেন, বুধবার রাতে তিন জায়গায় চুরির চেষ্টা হয়েছিল। কুমারগঞ্জের গোপালগঞ্জের ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ঢুকে চুরির চেষ্টা হয়েছিল। গঙ্গারামপুরে একটি এটিএমে চুরির চেষ্টা করে। নানা সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে। 
পুলিস সূত্রে খবর, মুখ ঢেকে দুষ্কৃতীরা কুমারগঞ্জে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ঢোকে। ভল্ট ভেঙে টাকা চুরির পরিকল্পনা ছিল তাদের। দুষ্কৃতীরা ঢুকেই সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার আগেই অবশ্য ক্যামেরায় তাদের মুখ ঢাকা ছবি ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, একজনের হাতে ট্যাটু ছিল, একজনের হাতে বালা এবং অন্যজনের পায়ে জুতো দেখে তাদের চিহ্নিত করা হয়। 
সন্দেহভাজনদের ধরে হাতের ট্যাটু, বালা ও জুতো মিলিয়ে নিশ্চিত হতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশকিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গঙ্গারামপুরের কাশেম মোড় এলাকায় একটি এটিএমে লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। গঙ্গারামপুর থানার পুলিস এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে কুমারগঞ্জ ব্যাঙ্ক ও পোস্ট অফিসে চুরির চেষ্টার যোগ রয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ