নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে জনগণনার দ্বিতীয় ধাপ। এই পর্যায়ে মূলত ব্যক্তিগত, সামাজিক, শিক্ষাগত, জাতিগত ও অর্থনৈতিক বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। আগামী বছর বিধানসভা নির্বাচন—এমন চারটি রাজ্যে জনগণনার এই
দ্বিতীয় ধাপকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মধ্যেই সেলফ-ইনিউমারেশন পোর্টালে ‘অন্যান্য’ ধর্মের শ্রেণিতে ২৮৭টি অপশন থাকা নিয়ে তীব্র বিতর্ক দানা বাধে। চাপের মুখে পিছু হটল কেন্দ্র। সরিয়ে নেওয়া হয় ওই অপশনগুলি।
সম্প্রতি জনগণনার ‘পপুলেশন ইনিউমারেশন’ চালু হয়েছে। গত সোমবার অন্তত চারটি রাজ্যে দেখা যায় জনগণনার পোর্টালে ধর্মের ‘অন্যান্য’ শ্রেণিতে ক্লিক করলে একটি ড্রপ-ডাউন মেনু খুলছে। সেখানে অন্যান্য বিভাগে ইসকন, রামকৃষ্ণ পরমহংস, সনাতন, শ্রীরাম, বাল্মিকী, রামদেব, বিষ্ণোই, সারনা, তান্ত্রিক, যোগী, শিয়া, সুন্নি, মেথডিস্ট, খালসা, তিরুপতি বালাজি, গোরক্ষনাথ, দেবী মা ইত্যাদি অপশন যোগ করা হয়েছে। ২০০১ ও ২০১০ সালের জনগণনায় এগুলিকে ভারতের প্রধান ছ’টি ধর্মেরই বিভিন্ন শাখা হিসাবে ধরা হয়েছিল। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চাওয়ার পরেই ওই ২৮৭টি অপশন পোর্টাল থেকে মুছে ফেলা হয়।
বিষয়টি নিয়ে রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার অব ইন্ডিয়ার এক প্রতিনিধি জানিয়েছেন, আগের মতোই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ধর্মের সঙ্গে অন্যান্য ক্যাটিগরি থাকবে। সেখানে উত্তরদাতা আগের জনগণনার মতোই স্বাধীনভাবে অন্য কোনো ধর্ম
লিখতে পারবেন। যে ২৮৭টি বিকল্প দেওয়া হয়েছিল, সেগুলিকে অন্য
ধর্ম হিসাবে দেখানো হয়েছিল, এমনটা বলা ভুল। এই ঘটনাকে আশ্চর্যজনক বলে উল্লেখ করেছেন জনগণনার সঙ্গে যুক্ত এক প্রাক্তন আধিকারিক। তাঁর মতে, যে অপশনগুলি দেওয়া হয়েছিল, সেগুলিকে তুলনা করার জন্য পুরানো কোনো তথ্য নেই। অন্যান্য ধর্ম হিসাবে যে ২৮৭টি অপশন দেওয়া হয়েছিল, সেগুলি প্রধান ধর্মের মধ্যেই বিভিন্ন সম্প্রদায় বা আন্দোলন থেকে উদ্ভূত। ওই আধিকারিক জানান, ২০০১ ও ২০১১ সালে ইনিউমারেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ‘অন্যান্য’ ধর্ম বিভাগের এন্ট্রিগুলি নথিভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস।
দলের নেতা জয়রাম রমেশের অভিযোগ, এটা অত্যন্ত অদ্ভুত ও বোধগম্যতার বাইরে। ২০২৭ সালের জনগণনা বহুক্ষেত্রেই প্রহসনে পরিণত হচ্ছে। এর পরিণাম গুরুতর হবে।



