উত্তরকাশী: উত্তরাখণ্ডে ভয়াবহ হড়পা বানের কার্যত নিশ্চিহ্ন ধারালি গ্রামের একাংশ। ক্ষতিগ্রস্ত আশপাশের বিস্তীর্ণ এলাকাও। বিপর্যয়ের পাঁচ দিন পরও গোটা এলাকা জুড়ে শুধুই ধ্বংসের চিহ্ন। এরইমধ্যে অব্যাহত উদ্ধার কাজ। ৪টি হেলিকপ্টারের সাহায্যে শনিবার দিনভর মোট ২৮৭ জনকে উদ্ধার করেছে সেনা। ১৭০ জনকে এয়ারলিফ্ট করে আইটিবিপির মাতলি হেলিপ্যাডে, ১০৭ জনকে চিনইয়ালিসুর এয়ারস্ট্রিপে নিয়ে আসা হয়। গত পাঁচ দিনে এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৪৯ জন। মৃত্যু ৪ জনের। বিপর্যয়ের জেরে ধারালি গ্রামের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শনিবার সকালে সেখানকার একটি রিলিফ সেন্টারে জেনারেটর পৌঁছে দেয় ভারতীয় বায়ুসেনার একটি চিনুক হেলিকপ্টার। হড়পা বানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু ব্রিজ ও রাস্তা। ফলে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি সামলাতে জোরকদমে চলছে ব্রিজ তৈরির কাজ। শুক্রবার থেকে লিমচিগড়ে শুরু হয়েছে ব্রিজ নির্মাণের কাজ। দিন-রাত কাজ করে রবিবারের মধ্যে বেইলি ব্রিজটি সম্পূর্ণ করবার টার্গেট নেওয়া হয়েছে।



