নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কংক্রিটের জঙ্গলে ক্রমশ হারিয়ে যাচ্ছে সবুজ। সেই সবুজ ফিরিয়ে আনার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি। এবার তাঁর সেই উদ্যোগই স্বীকৃতি পেল বিশ্বমঞ্চে। একঘণ্টায় প্রায় ২ লক্ষ ৫১ হাজার ৪৪৬টি গাছ লাগানোর কর্মকাণ্ডে অংশ নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল হাওড়ার বালির বাসিন্দা রবীন বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে মেডেল ও শংসাপত্র পেয়েছেন পেশায় গৃহশিক্ষক রবীনবাবু।
গত মার্চ মাসে বেনারসে গিয়ে একাধিক ব্যক্তি ও সংস্থার সঙ্গে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে শামিল হয়েছিলেন তিনি। নিজেও একটি দলের প্রতিনিধিত্ব করে কয়েক লক্ষ গাছ লাগানোর উদ্যোগে অংশ নেন। ‘নমো বন পরিবেশ পুনরুদ্ধার’ কর্মসূচির আওতায় এই রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়। নেতৃত্বে ছিল বারাণসী পুরসভা। নদীর পাড় পুনরুদ্ধার এবং জীববৈচিত্র রক্ষাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। মোট ২৭টি দেশীয় প্রজাতির গাছ লাগানো হয়েছে। তার মধ্যে রয়েছে শিশম, অর্জুন, সেগুন, বাঁশ, কাচনার, মহুয়া ও হরসিঙ্গার। পাশাপাশি আম, পেয়ারা, পেঁপে, ডালিমের মতো ফলের গাছ এবং অশ্বগন্ধা, শতাবরী, গিলয় ও অ্যালোভেরার মতো ঔষধি গাছও রয়েছে। দ্রুত ঘন বন তৈরির জন্য ব্যবহার করা হয়েছে মিয়াজাকি পদ্ধতি। তৈরি হওয়া বনাঞ্চলের নাম হবে ‘নমো বন’। গঙ্গার পাড় মজবুত করার পাশাপাশি জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করবে এই উদ্যোগ।
পরিবেশরক্ষাকে শুধু নির্দিষ্ট কোনো দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখেননি রবীনবাবু। কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি বাড়ির শিশুদের জন্মদিনেও বৃক্ষরোপণের মাধ্যমে উৎসব পালন করেন তিনি। স্কুল-কলেজে কর্মসূচি নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের হাতে গাছ তুলে দিয়ে তাঁদেরও উৎসাহিত করেন। তাঁর কথায়, বৃক্ষরোপণ তাঁর কাছে শুধু কাজ নয়, সাধনা। এই সম্মান তাঁর একার নয়, যাঁরা পাশে থেকে গাছ লাগিয়েছেন, তাঁদের সকলের।



