সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জর্দা নদীর পাড় থেকে রাতারাতি চুরি হয়ে গেল ২৫টি গাছ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওয়ার্ডের ফার্ম শহিদগড় পাড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে গাছগুলি কাটা হয়েছে। তাঁরা মনে করেছিলেন, বনদপ্তরই হয়তো গাছগুলি কাটছে তাই কিছু বলেননি। তবে বিষয়টি নিয়ে বুধবার থেকে শোরগোল পড়েছে। খবর পেয়ে ময়নাগুড়ি পুরসভা থেকে আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। কাউন্সিলাররাও বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন। ময়নাগুড়ি থানায় অভিযোগ জানানো হবে, জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। স্থানীয়রা কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে অনুমান পুরসভার আধিকারিকদের।
১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী বলেন, সরকারি গাছ চুরি হয়েছে। জর্দা নদীর পাড়ে সরকারি জায়গা সুবজায়নের জন্য গাছগুলি রোপণ করা হয়েছিল। আট-দশ বছর আগে সেচদপ্তর গাছগুলি লাগিয়েছিল। ২৫টি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। আমি পুরসভাকে জানিয়েছি। প্রশাসনকেও জানাব। এই ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
ওয়ার্ডের বাসিন্দা সাধনা চৌধুরী বলেন, দু’দিন আগে গাছগুলি কাটা হয়েছে। কারা, কেন কাটল জানি না। তবে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত।
এদিকে, এই ঘটনার পর বৃক্ষচ্ছেদন না করার বার্তা দিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক ফ্লেক্স লাগিয়ে দিয়েছে ওয়ার্ড কমিটি। প্রত্যেকেই চাইছেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক।
নিজস্ব চিত্র।