কোয়েট্টা, ১৩ সেপ্টেম্বর: বালোচিস্তানে ফের গোলমাল। পাক সেনার কনভয়ে হামলার অভিযোগ। মৃত্যু হল ২৩ জন পাকিস্তানি সেনার। আজ, রবিবার এই হামলাটি চালানো হয় লাসবেলার এন-২৫ জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, কাশারি এলাকায় পাক সেনা কনভয়ের একাধিক গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তার জেরে ব্যাপক বিস্ফোরণ হয়। বহু গাড়িতে আগুনও ধরে যায়। জানা যাচ্ছে, এই হামলায় ২৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে। জখম আরও বেশ কয়েকজন। এই ঘটনার পরই করাচি-কোয়েট্টা যোগাযোগকারী ওই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। ইতিমধ্যেই অকুস্থলে বহু সেনা কর্মীকে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত কেউ বা কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এই হামলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরাই। বর্তমানে ওই অঞ্চলের ৮৫ শতাংশই রয়েছে তাঁদের দখলে।



