ছয় মাসে ২৩ মৃত্যদণ্ড! পরিবার আদালতে বদলি হলেন বিচারক
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ছ’মাসে ২৩টি মৃত্যুদণ্ডের সাজা। উত্তরপ্রদেশের মুজফফরনগরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক রবি কুমার দিবাকরের এহেন  রায় নিয়ে  শুরু হয় গুঞ্জন। এবার এলাহাবাদ হাই কোর্টের নির্দেশে তাঁকে মুজফফরনগরের ফ্যামিলি কোর্টের অতিরিক্ত প্রধান বিচারক পদে নিয়োগ করা হল। এত দিন তিনি একটি ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারকের দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁর জায়গায় ওই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক হিসেবে দায়িত্ব নিচ্ছেন শিবকুমারী। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১১টি মামলায় মোট ২৩টি মৃত্যুদণ্ডের ঘোষণা করেছিলেন দিবাকর। তারপরই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়। এরইমধ্যে তাঁর এজলাশ থেকে খুন-সহ একাধিক গুরুতর অপরাধের ৯৭টি মামলা সরিয়ে নেওয়া হয়। এই প্রশাসনিক নির্দেশ নিয়ে প্রশ্নও তোলেন বিচারক দিবাকর। কিন্তু মামলা ফেরানো হয়নি। এবার তাঁকে বদলি করা হল। উল্লেখ্য, লখনউয়ের এই বাসিন্দার বিচারক হিসাবে কর্মজীবন শুরু ২০০৯ সালে। গত বছরের নভেম্বর থেকে মুজফফরনগরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক হিসাবে কর্মরত।

Advertisement