নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: সরস্বতী পুজোয় মাতল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে মাত্র ৫০০ মিটার এলাকায় পুজো হয়েছে ২১টি। কোথাও চিঠি ও ঘুরি দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। আবার কোথাও মন্দিরের আদলে মণ্ডপ, ফুলের মালার কারুকার্য ও আলপনার কাজ দেখা গিয়েছে। এদিকে, শিলিগুড়িতে ‘বর্তমান’ অফিসেও ঘটা করে সরস্বতী পুজো হয়েছে। একইসঙ্গে শিলিগুড়ি শহরের স্কুল, কলেজ ও পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয়। দিনভর আনন্দে আত্মহারা ছিল পড়ুয়ারা। তারা সকাল সকাল বাগদেবীর কাছে অঞ্জলি দিয়ে পার্ক সহ দর্শনীয় স্থানে, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়। এরজেরে শহরের কিছু রাস্তায় তীব্র যানজট হয়।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হস্টেলে বাগদেবীর আরাধনা করা হয়। শাড়ি ও পাঞ্জাবি ছিল পড়ুয়াদের ড্রেসকোড। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, মাস কমিউনিকেশন, গণিত, আইন সহ বিভিন্ন বিভাগে ও হস্টেলে সরস্বতী পুজো হয়। বিশ্ববিদ্যালয়ের ৫০০ মিটার এলাকায় ২১টি পুজো হয়েছে। ঘুরির ও চিঠি দিয়ে মণ্ডপ করা হয় গণমাধ্যম বিভাগে। তা সকলের নজর কাড়ে। এরবাইরে ফুলের মালা, আলপনায় অধিকাংশ মণ্ডপ সাজানো হয়। পুজো ও অঞ্জলি শেষ হওয়ার পর সেলফি তোলায় মাতেন পড়ুয়ারা।
অপরদিকে সরস্বতী পুজো মানেই বাঙালির ‘ভ্যালেন্টাইন্স ডে’। তাই এদিন বিভিন্ন কলেজ ও বাইরে থেকেও প্রচুর মানুষ বিশ্ববিদ্যালয়ে ভিড় করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ভাস্কর বিশ্বাস বলেন, সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হয়েছে। এদিকে, শিলিগুড়ি শহরের সুভাষপল্লি, হায়দরপাড়া, হাকিমপাড়া, আশ্রমপাড়া সহ বিভিন্ন এলাকায় কিছু থিম পুজো হয়েছে। দিনভর সংশ্লিষ্ট মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল। এছাড়া সূর্য সেন পার্ক, বাঘাযতীন পার্ক, মহানন্দা নদীর পাড়, বেঙ্গল সাফারি, সিটি সেন্টার, গজলডোবা প্রভৃতি এলাকাতেও ব্যাপক ভিড় হয়েছিল।