নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহ। প্রতিদিন ১২ থেকে ১৫ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করে। দৈনিক ৯১৫টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে চলাচল করে। এই বিরাট সংখ্যক যাত্রীদের ট্রেনে ওঠা-নামা মসৃণ করতে অভিনব সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদহ স্টেশনে মোট ২১টি প্ল্যাটফর্ম রয়েছে। এতদিন বিভিন্ন লাইনের ট্রেন যেকোনও প্ল্যাটফর্মে ঢুকত কিংবা সেখান থেকে যাত্রা শুরু করত। যার জেরে নির্দিষ্ট ট্রেনে ওঠা-নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত। এই ঘটনার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটনার পরিস্থিতি তৈরি হত। সেই সমস্যার স্থায়ী সমাধানে নির্দিষ্ট লাইনের ট্রেনের জন্য সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন লাইনের ট্রেন এখন থেকে স্থায়ী প্ল্যাটফর্মেই ঢুকবে কিংবা বেরবে। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সফল হলে তা স্থায়ী হবে। সেই সূত্রে শিয়ালদহ স্টেশনের বরাদ্দ প্ল্যাটফর্মগুলি বিবরণ নিম্নরূপ। জানা গিয়েছে, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম মেইন লাইনের ট্রেনের জন্য পৃথকীকরণ করা হয়েছে। অর্থাৎ কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং বারাকপুরগামী ট্রেন এই পাঁচটি প্ল্যাটফর্ম দিয়ে চলাচল করবে। সিসিআর সেকশন অর্থাৎ ডানকুনি ও বারুইপাড়া লাইনের জন্য ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম বরাদ্দ করা হয়েছে। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মে আসা-যাওয়া করবে সেন্ট্রাল সেকশন অর্থাৎ বনগাঁ, বারাসত, হাবরা, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রাম লাইনের ট্রেন। এছাড়া দূরপাল্লার ট্রেন যাত্রা শুরু ও শেষ করবে ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে। অন্যদিকে, ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম সাউথ সেকশনের ট্রেনের জন্য বরাদ্দ করা হয়েছে।



