কেপটাউন: আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। একবছর আগে অর্থাৎ বৃহস্পতিবার সূচি ঘোষণা করল আইসিসি। ২ অক্টোবর প্রতিযোগিতা শুরু। ফাইনাল ২১ নভেম্বর। ১৭ ও ১৮ নভেম্বর হবে দু’টি সেমি-ফাইনাল। প্রথমে তিনটি যোগ্যতা অর্জনকারী ম্যাচ হবে। প্রত্যাশামতোই ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে (এ) রাখা হয়েছে। আগামী বছর ৭ অক্টোবর গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া খেলবে প্রথম ম্যাচে। কেপটাউনে গিলদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচটি হবে জোহানেসবার্গে।
ভারতের গ্রুপে পাকিস্তান, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে জিম্বাবোয়ে, আফগানিস্তান এবং যোগ্যতাঅর্জনকারী দল। গ্রুপে ভারতের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে ১৪ অক্টোবর। গিলরা ১৭ অক্টোবর যোগ্যতা অর্জনকারী দলের মুখোমুখি হবেন। গ্রুপে তাঁদের শেষ ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভিক্টোরিয়া ফলসে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং যোগ্যতাঅর্জনকারী দল। দু’টি গ্রুপ থেকে পয়েন্টের ভিত্তিতে তিনটি করে দল উঠবে সুপার সেভেন পর্বে। দু’টি গ্রুপ মিলিয়ে সেরা চতুর্থস্থানাধিকারী দলও পরের রাউন্ডে উঠবে। এখানে সাতটি দেশই খেলবে একে অপরের বিরুদ্ধে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান আরও একবার সুপার সেভেনে মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। পয়েন্টের বিচারে চারটি দেশ উঠবে সেমি-ফাইনালে।