Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

উৎসবের শহরে হাজির সেলেকাওরা

টিম বাসের একেবারে সামনে বসেছিলেন ডন কার্লো। বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে তা থামতেই গটগটিয়ে নেমে এলেন ব্রাজিল কোচ।

উৎসবের শহরে হাজির সেলেকাওরা
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: টিম বাসের একেবারে সামনে বসেছিলেন ডন কার্লো। বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে তা থামতেই গটগটিয়ে নেমে এলেন ব্রাজিল কোচ। আলগোছে হাই করে রুমের দিকে পা বাড়ালেন কার্লো আনসেলোত্তি। ইতালিয়ান কোচ আবেগহীন। কিন্তু ভিনি তো তা নন। রিয়াল মাদ্রিদের ফুটবলার বাস থেকে নামতেই ‘ভিনি ভিনি’ চিৎকার শুরু।

Advertisement

তিনিই এই দলের সুপারস্টার। উন্মাদনা দেখে এক টুকরো সাও পাওলো বা রিও বলে মনে হতে বাধ্য। সইয়ের জন্য ব্রাজিলের জার্সি বাড়িয়ে দিলেন দুই তরুণী। ব্রাজিলিয়ান হলেও তাঁরা এখন কলকাতাতেই থাকেন। এভেলিনার হাতে রোনাল্ডোর জার্সি। তাতে আনসেলোত্তি, ভিনিসিয়াস অটোগ্রাফ দিতেই মহিলা সমর্থকদের মুখে হাজার ওয়াটের হাসি। তারপর ব্রাজিলিয়ান ফুটবলাররা গেটের বাইরে অপেক্ষারত অনুরাগীদের হাত নাড়িয়ে হোটেলে প্রবেশ করলেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শহরে পা রেখেছে! কলকাতা তৈরি। গেট, সেট, রেডি। শুক্রবার বিকেলে যুবভারতীতে প্রস্তুতি সারবেন ভিনিসিয়াসরা।
সন্ধ্যা ছ’টায় কলকাতা বিমানবন্দরে পা রাখার কথা ছিল ভিনিসিয়াসদের। পরে তা পিছিয়ে যায় বেশ কিছুটা। হলুদ-সবুজ টিম বাস তৈরিই ছিল। ঠিক যেন সেলেকাওদের জার্সির রঙে তুলি চোবানো। ব্রাজিলের জার্সি গায়ে বেশ কিছু সমর্থকের দেখা মিলল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ‘ব্রাজিল দলের দেখা নাই রে...’ অপেক্ষার বাঁধ ভাঙছিল অনুরাগীদের। কিন্তু বিমানবন্দর ছেড়ে কেউ এক পা’ও নড়েননি। অবশেষে রাত ন’টার দিকে অপেক্ষার অবসান। বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন এনড্রিক, হোয়াও পেড্রোরা। নিরাপত্তার বজ্রআঁটুনিতে মাছি গলার জো নেই। ত্রিস্তরীয় বলয়। রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও তৈরি। টারম্যাক থেকেই বাস ছুটল টিম হোটেলের দিকে। আগামী কয়েকদিন ফুটবলে মেতে উঠতে তৈরি কলকাতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ