সংবাদদাতা, নাগরাকাটা: ২০ শতাংশ বোনাসের দাবিতে চারদিন ধরে আন্দোলনরত চা শ্রমিকরা শুক্রবার সুবর্ণপুর চা বাগানের গেটে তালা ঝুলিয়ে দিলেন। বাগান কর্তৃপক্ষ ১৩.৭৫ শতাংশ বোনাস দিতে রাজি হয়েছিল। কিন্তু শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতেই প্রথমদিন থেকে অনড় ছিলেন। অন্যদিকে, একই দাবিতে এদিন দুপুরে মেটেলি যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে ধর্নায় বসেছিলেন নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা।
ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতে সুবর্ণপুর চা বাগান। প্রায় ১৫০ একর জমির উপর বাগানটি। স্থায়ী চা শ্রমিকের সংখ্যা ১৬৯ জন। বাগানের শ্রমিকরা রাজ্য সরকারের ঘোষিত ২০ শতাংশ বোনাসই পাবেন বলে আশায় ছিলেন। কিন্তু গত সোমবার বাগান কর্তৃপক্ষ ১৩.৭৫ শতাংশ বোনাস দেবেন বলে চিঠি দিয়ে জানিয়ে দেয়। শ্রমিকরা ২০ শতাংশের কম বোনাস নেবেন না বলে আন্দোলনে নামেন।
বাগানের শ্রমিক মহম্মদ খাদিমুল সহ অন্যরা বলেন, মঙ্গলবার কাজ করার পর থেকে আমরা বাগানে বিক্ষোভ দেখাচ্ছি। মালিকপক্ষ ২০ শতাংশ বোনাস দিতে চাইছে না। এদিনও বোনাস পেলাম না। তাই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছি। বাগানের আরএক শ্রমিক সইদুল আলম বলেন, এই বাগান শুরুর সময় অর্থাৎ ২৮ বছর ধরে কাজ করছি। এবার ২০ শতাংশ বোনাস আমাদের লাগবেই।
সুবর্ণপুর চা বাগানের ম্যানেজার রিয়াজ চৌধুরী জানান, ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে শ্রমিক ইউনিয়নগুলি বোনাস চুক্তির সময় ছিল। ৫০ একরের ঊর্ধ্বে চা বাগানগুলিতে ১৩.৭৫ শতাংস বোনাস দেওয়ার চুক্তি হয়েছিল। আমরা সেটাই দেব বলেছি। আমরা বড় চা বাগানের মধ্যে পড়ি না।