নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্য সরকারের নির্দেশ মেনে জলপাইগুড়ি শহর লাগোয়া চারটির মধ্যে তিনটি চা বাগানে ২০ শতাংশ হারে বোনাস হয়ে গেল। করলাভ্যালি, ডেঙ্গুয়াঝাড় ও ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ হারে বোনাস পেয়ে খুশি। তবে জয়পুর বাগানে এখনও বোনাস হয়নি। মালিকপক্ষ ২২ সেপ্টেম্বরের মধ্যে বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছে। বোনাস হতেই চা বাগানের হাট চাঙ্গা।
পাহাড়, তরাই, ডুয়ার্সে সবমিলিয়ে ২৭৬টি চা বাগানকে বোনাসের আওতায় ধরা হয়েছে এবার। এর মধ্যে রাজ্য সরকারের দেওয়া সময়সীমা মেনে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১৫২টি বাগানে ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছে। আজ ও আগামী কালও বেশ কিছু বাগানে বোনাস দেওয়া হবে। চা বাগান মালিকদের সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সচিব রামঅবতার শর্মা বলেন, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ১৫২টি চা বাগানে ২০ শতাংশ হারে বোনাস হয়েছে। আরও কিছু বাগানে কয়েকদিনের মধ্যে বোনাস হয়ে যাবে।