Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেলেঙ্গানায় কারখানায় বিস্ফোরণে এখনও নিখোঁজ দাসপুরের ২ শ্রমিক

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ ঘাটাল মহকুমার দাসপুর থানার হরিরাজপুরের দুই শ্রমিক

তেলেঙ্গানায় কারখানায় বিস্ফোরণে এখনও নিখোঁজ দাসপুরের ২ শ্রমিক
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ ঘাটাল মহকুমার দাসপুর থানার হরিরাজপুরের দুই শ্রমিক। তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। খবর না পাওয়ায় দাসপুরে ওই দুই শ্রমিকের পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছেন।

Advertisement

বুধবার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর-১ এর বিডিও দীপঙ্কর বিশ্বাস, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র  হরিরাজপুরে গিয়ে ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন। বিডিও বলেন, তেলেঙ্গানায় ওই বিস্ফোরণে ৩৪জনের দেহ এমনভাবে পুড়ে গিয়েছে যে, তাঁদের কোনওভাবেই শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই হরিরাজপুরের ওই শ্রমিকদের আত্মীয়দের রক্তের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
ওই কারখানায় কাজ করতেন হরিরাজপুরের রাজীব টুডু, অসীম টুডু, শ্যামসুন্দর টুডু ও তারাপদ টুডু। সোমবার সকালে ডে শিফটে কাজে যোগ দেন অসীম, শ্যামসুন্দর ও তারাপদ। ঠিক সেই সময় ভয়াবহ বিস্ফোরণে কারখানার একটি ভবন সম্পূর্ণ ধসে পড়ে। রাজীব আগের রাতে কাজ করেছিলেন। তাই তিনি ডে শিফটে যাননি। তিনি বলেন, বিস্ফোরণের খবর পেয়ে কারখানায় পৌঁছে দেখি, সারি সারি মৃতদেহ পড়ে রয়েছে। জখমদের হাসপাতালে পাঠানো হচ্ছে। তারাপদকে হাসপাতালের আইসিইউতে পাওয়া গেলেও শ্যামসুন্দর ও অসীমের খোঁজ মেলেনি।
মৃত ও জখমের সরকারি তালিকাতেও তাঁদের নাম নেই। প্রশাসন জানিয়েছে, যতক্ষণ ডিএনএ পরীক্ষার রিপোর্ট না পাওয়া যায়, ততক্ষণ শ্যামসুন্দর ও অসীমের বিষয়ে কিছু বলা সম্ভব হবে না।   নিখোঁজ শ্যামসুন্দর টুডুর বাড়িতে মহকুমা শাসক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ