সংবাদদাতা, মানবাজার: তৃণমূল পরিচালিত মানবাজার-২ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন দলেরই নয় সদস্য। গত শুক্রবার মানবাজার মহকুমা শাসকের কাছে সভাপতি বাসন্তী মাহাতর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। এবার সেই অনাস্থা প্রস্তাবের সই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সই না করার কথা জানিয়ে মঙ্গলবার অনাস্থা চিঠি থেকে নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন দুই সদস্য। ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২১আসন বিশিষ্ট মানবাজার-২ পঞ্চায়েত সমিতিতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২০টি এবং বিজেপি একটি আসনে জয়লাভ করে। তৃণমূলের বাসন্তীদেবী সভাপতি নির্বাচিত হন। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা পড়ে। জানা গিয়েছে, ওই অনাস্থা প্রস্তাবে মোট ন’জন সদস্যের নাম ও স্বাক্ষর রয়েছে। কিন্তু, তাঁদের মধ্যে তৃণমূল সদস্যা শিবানী সিং সর্দার ও ক্ষুদিরাম মাণ্ডি দাবি করেছেন, তাঁরা অনাস্থা প্রস্তাবে সমর্থন করেননি। তাঁদের নাম কীভাবে ওই প্রস্তাবে এল, তা তাঁরা জানেন না। তাই প্রস্তাব থেকে তাঁদের নাম বাতিলের আবেদন তাঁরা জানিয়েছেন।
মঙ্গলবার দুই সদস্য মানবাজার মহকুমা শাসকের দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানান। তাঁরা বলেন, সভাপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব আমরা সমর্থন করি না। সভাপতির প্রতি আমাদের আস্থা আছে।
মানবাজার-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তীদেবী বলেন, আমি চিঠি পেয়ে জেনেছি আমার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। তাতে ন’জনের সই আছে। তাঁদের মধ্যে এদিন দু’জন মহকুমা শাসকের অফিসে লিখিতভাবে জানিয়েছেন, ওই চিঠিতে তাঁরা সই করেননি। অনাস্থা থেকে তাঁদের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমি সকলক সদস্যকে নিয়ে কাজ করি। তারপরেও কেউ যদি অনাস্থা আনে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।
স্থানীয় বিজেপি নেতা তথা বান্দোয়ান মণ্ডল-৩ এর সভাপতি সঞ্জয়কুমার মাহাত বলেন, এই অনাস্থায় বিজেপির কোনো যোগ নেই। কারণ, আমাদের বিজেপি সদস্য অনাস্থায় সই করেননি। প্রথম থেকে ওদের সদস্যরাই সভাপতিকে মেনে নিতে পারেননি। ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলার জেরে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। প্রশাসন নিয়ম মতো পদক্ষেপ করবে। -নিজস্ব চিত্র



