নিজস্ব প্রতিনিধি, বারাসত: একটি অভিযোগ। আর তার সূত্র ধরেই সামনে এল সাইবার প্রতারণার ‘সাম্রাজ্য’। জাল ছড়িয়ে রয়েছে দেশের ২৩টি রাজ্যে। প্রাথমিকভাবে ১০৪টি সাইবার প্রতারণার ঘটনায় যোগসূত্র মিলেছে জামতাড়া গ্যাংয়ের। টাকার অঙ্ক কোটি পার। তদন্ত যত এগচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এবার এই চক্রের আরও দু’জনকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিশ। বিধাননগর দক্ষিণ থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে সোমবার রাতে ধরা পড়েছে মেহেতাব হোসেন এবং রাহুল হালদার। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক দু’জনকে ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
তদন্তকারীদের দাবি, এই দু’জন প্রতারণার টাকা তোলার কাজ করত। তাদের জেরা করে চক্রের মূল মাথার নাগাল পেতে চাইছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের শিকড় ঝাড়খণ্ডে। সেখান থেকেই চলত অপারেশন। তবে সহযোগীরা ছড়িয়ে ছিল দেশের বিভিন্ন রাজ্যে। প্রতারণার জন্য তৈরি হয়েছিল একাধিক স্তরের ব্যবস্থা। কেউ সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে নথি সংগ্রহ করত। সেই নথি দিয়ে খোলা হত ব্যাংক অ্যাকাউন্ট। পরে সংগ্রহ করা হত পাসবই, এটিএম কার্ড এবং চেকবই। মোটা কমিশনের বিনিময়ে সেগুলি তুলে দেওয়া হত জামতাড়া গ্যাংয়ের হাতে। এরপরের কাজ ছিল টাকা সরানো। মিউল অ্যাকাউন্টে প্রতারণার টাকা ঢুকলেই তা তুলে নেওয়া হত। এই কাজের দায়িত্বে ছিল চক্রের অন্য একটি দল। পুলিশের দাবি, ধৃত মেহেতাব এবং রাহুল মূলত টাকা তোলার কাজই করত। ইতিমধ্যেই ৪০টি মিউল অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। আরও বড়ো অঙ্কের লেনদেনের তথ্য সামনে এসেছে। বারাসত শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার অ্যাকাউন্ট থেকে ৭৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছিল। কলকাতা থেকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হয় বলে অভিযোগ। প্রথম দফায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছিল আমডাঙা থানার পুলিশ। ঝাড়খণ্ডে পালিয়ে যায় মেহেতাব ও রাহুল। সোমবার রাতে তারা ফের কলকাতায় আসে। বিধাননগর দক্ষিণ থানা এলাকার একটি ফ্ল্যাটে আশ্রয় নেয়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় মামলার তদন্তকারী অফিসার আসিফ মণ্ডলের নেতৃত্বে একটি টিম। গ্রেপ্তার করা হয় দু’জনকে। মেহেতাবের বাড়ি ঝাড়খণ্ডে গিরিডিতে। রাহুল কলকাতার বেলেঘাটার বাসিন্দা। সেই ফ্ল্যাটটি কার নামে ভাড়া নেওয়া হয়েছিল? কতদিন ধরে সেখানে ছিল অভিযুক্তরা? চক্রের আর কারা সেখানে যাতায়াত করত? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, মেহেতাব আনসারির ঘনিষ্ঠ এই দুই ধৃত। মেহেতাবকে জেরা করেই মাস্টারমাইন্ডের নাগাল পাওয়ার চেষ্টা চলছে। নিজস্ব চিত্র



