Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরাহাটে সন্ত্রাসের অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ ধৃত ২

বিধানসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস চালানো থেকে বাড়িতে হুমকি, ভাঙচুর সহ খুনের চেষ্টার অভিযোগে এক পঞ্চায়েত প্রধানের স্বামী সহ দু’জনকে গ্রেপ্তার করল উস্তি থানার পুলিশ।

মগরাহাটে সন্ত্রাসের অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ ধৃত ২
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস চালানো থেকে বাড়িতে হুমকি, ভাঙচুর সহ খুনের চেষ্টার অভিযোগে এক পঞ্চায়েত প্রধানের স্বামী সহ দু’জনকে গ্রেপ্তার করল উস্তি থানার পুলিশ। ধৃতদের থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠক করে এমনটা জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার চন্দ্রশেখর বর্ধন।

Advertisement

ভোটের আগে থেকেই মগরাহাট পশ্চিমের ১১টি গ্রাম পঞ্চায়েতে ধৃতরা একটি দল করে বাইক নিয়ে দাপিয়ে বেড়াতেন। বাইক বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। পুলিশ সুপার বলেন, তখন অভিযোগ করার সাহস পাননি কেউ। ৬ সেপ্টেম্বর একটি অভিযোগ হয়েছে। সেই মতো তদন্ত করে দু’জনকে ধরা হয়েছে। একজন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। তাঁর নাম সঞ্জীব মণ্ডল। অপরজন হলেন আরিফ হোসেন মোল্লা। আপাতত পুলিশ হেপাজত নেওয়া হয়েছে ধৃতদের। এই বাহিনীর অন্যান্য সদস্যদের ধরতে উদ্যোগ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। শুধু তাই নয়, কয়েক বছর আগে শিরাকলে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনাতেও নাম জড়িয়েছিল ধৃতদের। তদন্তে সে বিষয়টিও জানা গিয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ