


বেঙ্গালুরু: কর্ণাটকের হোমস্টেতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এই অভিযোগে আমেরিকার দূতাবাসের দ্বারস্থ হন মার্কিন মহিলা। অভিযোগ, কোদাগুর এক গ্রামের হোমস্টেতে তাঁকে ধর্ষণ করা হয়েছে। সেখানকার এক কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তিনি। পাশাপাশি হোমস্টের মালিককের বিরুদ্ধেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন। মার্কিন দূতাবাসের থেকে বিষয়টা জানামাত্র পদক্ষেপ নেয় মাইসোর পুলিশ। অভিযুক্ত কর্মী ও হোমস্টে মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতিতার দাবি, দিন কয়েক আগে ব্রজেশ কুমার নামে হোমস্টের এক কর্মী তাঁর উপর যৌন নির্যাতন চালায়। ঘটনাটি ধামাচাপা দিতে তিন দিন ধরে হোমস্টের ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন হোমস্টের মালিক। পরে মাইসোর যাওয়ার কথা বলে হোমস্টে থেকে বেরিয়ে যান নির্যাতিতা। মার্কিন দূতাবাসে গিয়ে ঘটনাটি জানান। সেখান থেকেই বিষয়টি পুলিশকে জানানো হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে ৩ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।