সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ২০ তম রাজ্য উশু চ্যাম্পিয়নশিপে ময়নাগুড়ির শিক্ষক দীপক বর্মনের হাত ধরে জলপাইগুড়ি জেলায় স্বর্ণপদক এল আটটি। পাশাপাশি রৌপ্যপদক এসেছে আটটি এবং ব্রোঞ্জ এসেছে দু’টি। ময়নাগুড়ি উশু স্পোর্টস অ্যাকাডেমি এবং জলপাইগুড়ি উশু স্পোর্টস অ্যাকাডেমির শিক্ষক দীপক বর্মন। তাঁর বাড়ি ময়নাগুড়ি ব্লকের পেটকাটিতে। তিনি পরপর দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন।
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার উদ্যোগে এবার ২০ তম রাজ্য উশু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সল্টলেকে। খেলা হয়েছিল ২৮ এবং ২৯ মার্চ। সিনিয়র বিভাগের সোনা জিতেছেন ময়নাগুড়ির বিজয় বর্মন, মৌ দাস, রাজদীপ্ত দাস। জুনিয়র বিভাগের সোনা জিতেছে, বিক্রম মহন্ত, অর্ণব রায়, বনশ্রী রায়। অন্যদিকে, সাব জুনিয়র বিভাগে সোনা জিতেছে জলপাইগুড়ির অন্বেষা দেবনাথ ও কুণাল জোয়ারদার।
দীপকবাবু বলেন, ছোট থেকে খেলাধুলোর প্রতি আমার আলাদা আগ্রহ। আমার ভালো লাগার খেলা উশু। খেলার মধ্য দিয়ে শরীরচর্চা করা যায়। তাই অভিভাবকদের বলব, ছেলেমেয়েদের হাত থেকে মোবাইল নিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন। খেলাধুলোর মধ্যে দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভব। আমি আর্থিক কারণে ইন্টারন্যাশনাল খেলতে পারিনি। অভাব ছিল বাড়িতে। আমার ছাত্রছাত্রীদের দিয়েই সেই লক্ষ্য আমি পূরণ করব। ময়নাগুড়ি বল খেলার মাঠে ও জলপাইগুড়ি ১ নম্বর গুমটিতে উশু খেলার প্রশিক্ষণ দিয়ে থাকি।
ময়নাগুড়ি উশু স্পোর্টস অ্যাকাডেমির জয়েন্ট সেক্রেটারি প্রণব রায় লস্কর, সভাপতি বিশ্বজিৎ রায়, সহ সভাপতি নাসিরুদ্দিন আহমেদ। প্রণববাবু বলেন, আমাদের অ্যাকাডমির ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছবে, এই আশা করি। জেলার নাম উজ্জ্বল করুক সকলে। ময়নাগুড়ির সমাজকর্মী রামমোহন রায় বলেন, দীপক বর্মন অতি সাধারণ ঘরের ছেলে। সেই জায়গা থেকে উঠে এসে আজ উনি নিজে একটি কোচিং সেন্টার খুলে উশু প্রশিক্ষণ দিচ্ছেন। ওঁর সেন্টারে প্রশিক্ষণ নিয়ে ছেলেমেয়েরা রাজ্যে নজরকাড়া ফল করছেন। আশা করছি, দীপকবাবুর কাছে প্রশিক্ষণ নেওয়া ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলে জেলা, রাজ্যের নাম উজ্জ্বল করবেন।